কেরালার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৬ - ১০:১৬:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৪ মে) দিল্লিতে সংবাদ সম্মেলন করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেরালার দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।

কেরালায় এবারের বিধানসভা নির্বাচনে ১০২টি আসনে জয়ী হয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। গত বিধানসভার বিরোধী দলনেতা সতীশন ছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা।
 
কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল যে, কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী হিসেবে বেণুগোপালের নাম প্রস্তাব করেছে। কিন্তু বিধায়কদের একাংশ আবার সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান।
 
এই অংশটির যুক্তি ছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দলকে জয়ের রাস্তায় ফিরিয়েছেন সতীশনই। শেষমেশ এই সতীশনকেই বেছে নিলো কংগ্রেস।
 
বিধায়ক হিসাবে একাধিকবার নির্বাচিত হয়েছেন সতীশন। কেরালার এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের বিধায়ক তিনি। দলের নিচুতলার কর্মীদের কাছে জনপ্রিয় সতীশন।
 
গত বুধবার (১৩ মে) দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতারা প্রায় ৪০ মিনিট বৈঠক করেছিলেন। তারপর কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
 
সেই মতোই বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসাবে সতীশনের নাম ঘোষণা করা হয়। তিনি কবে শপথ নেবেন, তা অবশ্য এখনও জানানো হয়নি।

 

 

আয়শা/১৪ মে ২০২৬,/রাত ১০:১৫

▎সর্বশেষ

ad