বয়স নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেত্রী

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৬ - ০৯:৫৮:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের শক্তিশালী অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে তাবু চলচ্চিত্রের রূপালি পর্দায় নারীদের বয়স এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি হার্পার’স বাজার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিনোদন জগতে নারীদের কাজের চেয়ে তাদের বয়সের দিকেই মানুষের নজর বেশি থাকে।

বলিউডে অভিনেত্রীদের ক্রমবর্ধমান বয়সের চাপ নিয়ে পঞ্চাশোর্ধ এই অভিনেত্রী বলেন, মানুষ নিজের বয়সের চেয়ে অন্যের বয়স নিয়ে বেশি দুশ্চিন্তা করে। কিছুটা বিদ্রূপের সুরেই অভিনেত্রীর ভাষ্য, ‘মানুষ আপনাকে আয়না দেখাতে চায়, যেন আপনার বাড়িতে কোনো আয়না নেই। যে মানুষটি বয়সের প্রশ্নের উত্তর দিচ্ছে, সে তো আর রাতারাতি বুড়িয়ে যায়নি। আমরা প্রতিদিন এই পরিবর্তনের মধ্য দিয়ে যাই।’ 

তাবু মনে করেন, বয়স বাড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে নারীদের বারবার এটি মনে করিয়ে দেওয়া হয়, যা এক ধরণের মানসিক চাপ তৈরি করে। সাক্ষাৎকারে এই অভিনেত্রী ইন্ডাস্ট্রির প্রচলিত ‘কূটনীতি’ নিয়েও কথা বলেন। তিনি জানান, কোনো সিনেমার চিত্রনাট্য পছন্দ না হলে তাকে সরাসরি তা বলতে নিষেধ করা হতো। এর পরিবর্তে কৌশলী হওয়ার পরামর্শ দেওয়া হতো তাকে।

তাবু জানান, অনেকেই তাকে পরামর্শ দিতেন যেন চিত্রনাট্য খারাপ লাগলেও সরাসরি না বলে ‘শিডিউল বা ডেট নেই’ এমন অজুহাত দিয়ে সরে আসতে। তবে তিনি এই পদ্ধতির সঙ্গে কখনোই একমত হতে পারেননি। তিনি সোজাসাপ্টা কথা বলাতেই বিশ্বাসী। তাবুর কথায়, ‘আমার যদি চিত্রনাট্য পছন্দ না হয়, তবে সেটা পছন্দ নয়। আমি সরাসরি সেটাই বলে দেই।’ 

সবশেষ এই অভিনেত্রীকে ‘ভুত বাংলা’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে তিনি বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তেলুগু সুপারস্টার নাগার্জুন আক্কিনেনির ১০০তম সিনেমা ‘কিং ১০০’-এ কাজ করছেন ‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী। ২০২৬ সালের এপ্রিল থেকে পরিচালক নবীন কার্তিকের নতুন একটি প্রজেক্টেও শুটিং শুরু করেছেন।  

সূত্র: সামা টিভি 

 

 

আয়শা/১৪ মে ২০২৬,/রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad