স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টকে সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ওপেনার সাদমান ইসলাম সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন জাকির হাসান। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
জানা গেছে, প্রথম টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান সাদমান। পরে বৃহস্পতিবার সিলেটে অনুশীলনের সময় ব্যাটিং করতে নেমে আবারও ব্যথা অনুভব করেন তিনি। কয়েকটি বল খেলার পরই নেট সেশন ছেড়ে যেতে বাধ্য হন এই ওপেনার। জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানিয়েছেন, মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় সাদমানের বুকে চোট লাগে। সেই ব্যথা পুরোপুরি না কমায় দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।
সাদমানের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে জাকির হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। ব্যাকআপ হিসেবে ইতোমধ্যে তাকে সিলেটে নিয়ে আসা হয়েছে এবং তিনি দলের সঙ্গে অনুশীলনও করেছেন।
দ্বিতীয় টেস্টের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।
আয়শা/১৪ মে ২০২৬,/রাত ৯:৪৪
