লাইফ ষ্টাইল ডেস্ক : দেশজুড়ে শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা তাড়াতে অনেকেই তাদের প্রিয় গরম পানীয় পানের পরিমাণ বাড়িয়ে দেন। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় এক কাপ গরম চা, কফি কিংবা এক মগ হট চকলেট শরীরে বেশ আরাম দেয়।
তবে ভারতের দ্বারকার আকাশ হেলথকেয়ার সুপার-স্পেশালিটি হাসপাতালের নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ডা. অনুপম রায় জানিয়েছেন, পর্যাপ্ত পানি পান না করে অতিরিক্ত পরিমাণে এ ধরনের পানীয় গ্রহণ করলে তা কিডনির স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
ডা. রায় বলেন, চা এবং কফিতে ক্যাফেইন থাকে, যা শরীর থেকে পানি বের করে দেওয়ার (মাইল্ড ডাইউরেটিক) একটি মৃদু প্রবণতা তৈরি করে। সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সারা দিনে পরিমিত পরিমাণে এসব পানীয় পান করলে সাধারণত পানিশূন্যতা তৈরি হয় না। তবে উদ্বেগ তখনই বাড়ে, যখন মানুষ সাধারণ পানি পানের কথা ভুলে গিয়ে তরলের চাহিদা মেটাতে মূলত ক্যাফেইনযুক্ত পানীয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। শীতকালে মানুষের তৃষ্ণা কম পায় বলে এই প্রবণতা বেশি দেখা যায়।
এ বিষয়ে এই চিকিৎসক বলেন, ‘কিডনির কার্যকারিতা স্বাভাবিক রাখা, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া এবং কিডনিতে পাথর হওয়া প্রতিরোধের জন্য শরীরে পর্যাপ্ত পানির উপস্থিতি অপরিহার্য। তরল কম গ্রহণ করলে প্রস্রাব ঘন হয়ে যায়, যা যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে ক্রিস্টাল বা পাথর তৈরির ঝুঁকি বাড়িয়ে দেয়।’
পানীয়ের উপাদানেও রয়েছে ঝুঁকি
ডা. রায়ের মতে, এসব পানীয়তে কী কী উপাদান মেশানো হচ্ছে, সেটিও বিবেচনা করা জরুরি। তিনি বলেন, চা ও কফিতে অতিরিক্ত চিনি ব্যবহার করলে ওজন বাড়তে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়। এছাড়া নিয়মিত ফ্লেভারড কফি, প্যাকেটজাত হট চকলেট এবং অন্যান্য মিষ্টি পানীয় পান করলে খাদ্যতালিকায় অপ্রয়োজনীয় ক্যালোরি ও চিনি যুক্ত হয়।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘস্থায়ী কিডনি রোগের (ক্রনিক কিডনি ডিজিজ) অন্যতম প্রধান ঝুঁকির কারণ হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। ডা. রায় সতর্ক করে বলেন, যাদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, তাদের কিডনির কার্যকারিতা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল, পটাশিয়াম ও ফসফরাস গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন হতে পারে।
শীতে প্রিয় পানীয় উপভোগের সঠিক উপায়
ডা. অনুপম রায়ের মতে, পছন্দের পানীয় উপভোগ করার মূলমন্ত্র হলো পরিমিতিবোধ এবং ভারসাম্য বজায় রাখা। তিনি জানান, অধিকাংশ সুস্থ মানুষের জন্য পরিমিত পরিমাণে চা ও কফি পান করা সাধারণত নিরাপদ। তবে এসব পানীয় যেন কোনোভাবেই সাধারণ পানির বিকল্প হয়ে না ওঠে।
সবশেষে তিনি পরামর্শ দেন, শীতজুড়ে কিডনি সুস্থ রাখতে শরীরে পর্যাপ্ত তরলের জোগান বজায় রাখা, বাড়তি চিনি এড়িয়ে চলা এবং একটি সুষম খাদ্যতালিকা মেনে চলা জরুরি।
আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:১২
