ডেস্ক নিউজ : দীর্ঘ দিন ধরে ইরান পরমাণু কর্মসূচি বেসামরিক জ্বালানি ও গবেষণার কাজে ব্যবহারের দাবি করে আসছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক নজরদারি এবং সামরিক উত্তেজনার কারণে তা বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে। সবশেষ ইরান জানিয়েছে, একটি শর্ত পূরণ করলে তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমোদন দেওয়া হবে।
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা না জানানো পর্যন্ত জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এসব স্থাপনা পরিদর্শনের দাবি জানাতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক মন্তব্যে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংস্থাটি সামরিক হামলার নিন্দা জানাতে রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত হুমকি ও হামলার মুখে থাকা স্থাপনাগুলো পরিদর্শনের দাবি জানাতে পারে না।’
যুদ্ধজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বারবার ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘ধ্বংস করে দেওয়া হয়েছে’। সূত্র: আল জাজিরা
আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫০
