ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শীতে কিডনির ক্ষতি এড়াতে যে ভুলগুলো করবেন না

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ - ১০:১৯:৩২ পিএম

লাইফ স্টাইল ডেস্ক : শীত এলেই বদলে যায় মানুষের খাদ্যাভ্যাস। বিকালের রোদে বসে কিংবা সন্ধ্যার নাশতায় অনেকেই বেছে নেন চানাচুর, আচার, সমুচা, চিপস ও বিভিন্ন ধরনের প্যাকেটজাত মুখরোচক খাবার। এসব খাবার মাঝেমধ্যে খেলে তেমন সমস্যা না হলেও নিয়মিত খাওয়ার অভ্যাস শরীরে অতিরিক্ত সোডিয়াম বা লবণ গ্রহণের কারণ হতে পারে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে কিডনির স্বাভাবিক কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

অতিরিক্ত লবণ যেভাবে ক্ষতি করে

চিকিৎসকদের মতে, শরীরে সোডিয়ামের পরিমাণ বেশি হলে পানি জমে থাকার প্রবণতা বাড়ে। এতে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং রক্তচাপ বেড়ে যেতে পারে। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। বিশেষ করে রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করার কাজে নিয়োজিত কিডনির ক্ষুদ্র রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

এতে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়। কিডনির কার্যক্ষমতা কমে গেলে উচ্চ রক্তচাপ আরও বেড়ে যেতে পারে। অর্থাৎ অতিরিক্ত লবণ থেকে উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ থেকে কিডনির ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

যেসব খাবারে লুকিয়ে থাকে লবণ

প্রতিদিনের খাবারে কতটা লবণ গ্রহণ করা হচ্ছে, তা অনেকেই বুঝতে পারেন না। বিশেষ করে প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারে লুকিয়ে থাকা সোডিয়ামের পরিমাণ সহজে চোখে পড়ে না। ঘরের স্বাভাবিক খাবারের পাশাপাশি এসব খাবার খেলে দৈনিক লবণ গ্রহণের মাত্রা অজান্তেই বেড়ে যায়।

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা আগে থেকেই কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদের এ বিষয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। কারণ, তাদের কিডনির জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি এমনিতেই বেশি।

এ ছাড়া অতিরিক্ত লবণ গ্রহণে কিছু মানুষের প্রস্রাবের সঙ্গে ক্যালসিয়াম বের হওয়ার পরিমাণ বাড়তে পারে। পর্যাপ্ত পানি পান না করলে এ পরিস্থিতিতে কিডনিতে পাথর তৈরির ঝুঁকিও বাড়তে পারে।

কিডনি ভালো রাখতে করণীয়

কিডনির সুস্থতা বজায় রাখতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে তাজা ও কম প্রক্রিয়াজাত খাবার বেছে নিতে হবে। চানাচুর, চিপস, পাপড় ও আচার খাওয়ার অভ্যাস কমাতে হবে। খাবারের স্বাদ বাড়াতে অতিরিক্ত লবণের পরিবর্তে বিভিন্ন ধরনের মসলা ও ভেষজ উপাদান ব্যবহার করা যেতে পারে।

প্যাকেটজাত খাবার কেনার আগে এর গায়ে থাকা পুষ্টিগুণের তালিকায় সোডিয়ামের পরিমাণ দেখে নেওয়াও জরুরি। পাশাপাশি শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পান করতে হবে।

চিকিৎসকদের মতে, কিডনি সুস্থ রাখতে সাময়িকভাবে খাবার নিয়ন্ত্রণের চেয়ে প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে শীতকালে মুখরোচক লবণাক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়লেও পরিমিতি বজায় রাখলে দীর্ঘ মেয়াদে কিডনির স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাওয়া সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:১৫

▎সর্বশেষ

ad