জবাবদিহিমূলক সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে: মাহদী আমিন

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৬ - ০৩:২৩:৩৫ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে। এই সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়ন, যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করছে।

তিনি বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মায়েরা পর্যন্ত কেবল প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তায় নেমে এসেছেন, কারণ দেশের মানুষ এই নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখে। সরকারের তিন মাসের সফলতার খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের মাত্র তিন মাসের ভেতরে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন জেলায় কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে।

মাহদী আমিন বলেন, এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র মায়েদের সাময়িক ভাগ্য পরিবর্তন বা সংকটের সমাধান নয়। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশটাকে যদি বদলে দিতে হয়, তবে প্রতিটি সমাজ এবং পরিবারকে বদলে দিতে হবে। আর সেই ইতিবাচক বদল সম্ভব হবে মা’য়েদের হাত ধরেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে এবং নারীদের ক্ষমতায়ন আরও বেশি গতি পাবে। চাঁদপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত ওই জনসভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad