শরীয়তপুরে চাঁদাবাজীর অভিযোগে যুবদল নেতা বহিস্কার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Ayesha Siddika | আপডেট: ১৮ মে ২০২৬ - ০৬:৫০:৫২ পিএম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভা যুবদল সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বেপারীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে বহিস্কারের প্রতিবাদে ১৮ মে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা সদরের ডাকবাংলো মোড়ে অবস্থিত স্থানীয় দৈনিক শরীয়তপুর খবর পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বেপারী। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে আমার আন্দোলন সম্পর্কে শরীয়তপুরের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ অবহিত রয়েছেন।

সম্প্রতি একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে চাঁদাবাজীর মিথ্যা অপবাদ দিয়ে মনগড়া ও ভিত্তিহীন কল্পকাহিনী লিখে ফেজবুক পেইজে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগের কোন প্রকার সত্যতা যাচাই না করে আমাকে অন্যায়ভাবে দল থেকে বহিস্কার করা হয়েছে। এতে সামাজিকভাবে আমার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি খুবই মর্মাহত। মিথ্যা অভিযোগের সত্যতা যাচাই করে আমাকে উক্ত পদে পুর্নবহাল করার জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরো বলেন, যে লোকের কাছে চাঁদা দাবি করার কথা বলা হয়েছে সেই লোকতো বিষয়টি অস্বীকার করেছে। তাহলে আমি কিভাবে চাঁদাবাজ হলাম। অপরদিকে পালং বাজারের ব্যবসায়ী রামু ঘোষ থেকে যে চাঁদা দাবির কথা ফেজবুকে ভাইরাল হয়েছে সেই বিষয়টি অস্বীকার করে রামু ঘোষ বলেছেন যে, তার কাছে নুরুজ্জামান বেপারী কোন প্রকার চাঁদা দাবি করেননি। এমন একটি বক্তব্যও ফেজবুকে ভাইরাল হয়েছে।

 

 

আয়শা/ ১৮ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad