ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার

Ayesha Siddika | আপডেট: ১৮ মে ২০২৬ - ০৫:১৩:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেসব সরকারি সহায়তামূলক প্রকল্প চালু ছিল, সেগুলি ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। 

এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানী প্রদানও আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে, তবে আগামী মাস থেকে এগুলো আর কার্যকর থাকবে না। তার বক্তব্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসকে ভিত্তি করে যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এর ফলে পূর্ববর্তী সময়ে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক ভাতার মতো বিভিন্ন ধর্মভিত্তিক অনুদান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আগে এই ধরনের সুবিধার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ১৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া হতো, যা পরে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই ধরনের কাঠামোগত সহায়তা ব্যবস্থাই বন্ধ হওয়ার পথে রয়েছে।

সরকার গঠনের খুব অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে আসায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছিল বিজেপি। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই এই বড় ঘোষণা এলো। রাজ্য সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনাও শুরু হয়েছে।

 

 

আয়শা/ ১৮ মে ২০২৬,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad