আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত খুব দ্রুত ‘সমাধান’ করতে পারবেন। রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে আয়োজিত থাইল্যান্ড-কাম্বোডিয়া শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা তার সরকারের অন্যতম অগ্রাধিকার। ‘যদি আমি সময় নিয়ে লাখো মানুষের জীবন বাঁচাতে পারি, সেটিই সবচেয়ে বড় অর্জন,’ ট্রাম্প বলেন। ‘অন্য অনেক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করেন, আমি তার উল্টোটা করেছি—যুদ্ধের ইতি টেনেছি।’মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তার প্রশাসন আট মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে।
সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অক্টোবরের শুরুতে সংঘর্ষে দুই পক্ষের ডজনখানেক মানুষ নিহত হয়, যা ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে বিবেচিত।
এদিকে রোববার থাইল্যান্ড ও কাম্বোডিয়ার নেতারা ট্রাম্পের উপস্থিতিতে উন্নত সংস্করণের এক যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। দুই দেশের সীমান্তে চলমান রকেট ও গোলাবর্ষণের সংঘর্ষ থামাতে ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি হয়। এ কারণেই তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
চুক্তিটি তিন মাস আগে স্বাক্ষরিত এক অস্থায়ী যুদ্ধবিরতির ওপর ভিত্তি করে গঠিত। সেই সময়ে ট্রাম্প দুই দেশের তৎকালীন নেতাদের ফোন করে সতর্ক করেছিলেন—যদি তারা শত্রুতা না থামায়, তবে ওয়াশিংটনের সঙ্গে তাদের বাণিজ্য আলোচনা স্থগিত করে দেওয়া হবে।
থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্তে পাঁচ দিনের সংঘাতে অন্তত ৪৮ জন নিহত হয় এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়—যা দুই দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে বিবেচিত।
আয়শা/২৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:১৫
