১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির গেজেট

Ayesha Siddika | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ - ১০:৫৮:২৯ পিএম

ডেস্ক নিউজ : দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ এসব আসনের সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ পরিবর্তন কেবল কাগজে-কলমে; বাস্তবে আসনগুলোর সীমানায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (৩০ আগস্ট) প্রকাশিত গেজেটে ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১ আসনের সীমানা সংশোধনের কথা জানানো হয়েছে। গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার সঙ্গে নতুন গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি নতুন মোকামতলা উপজেলা এবং ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁওয়ের সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে নবগঠিত বাঙ্গরা উপজেলা যুক্ত করা হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়ার বরিশল ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ওই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন গঠন করা হয়েছে। চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে নতুন মাতারমুহুরি উপজেলা যুক্ত হয়েছে। নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রাখতেই আসনগুলোর সীমানা গেজেটে সংশোধন করা হয়েছে।

 

 

আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/রাত ১০:৫৪

▎সর্বশেষ

ad