একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে,তার সোনা অঙ্গ দেখে যে সোনার শরম লাগে। মান্নাদের গাওয়া এই গানটির প্রথম লাইনের মর্মার্থ অত্যন্ত্য সহজ। সোনা অঙ্গ রূপ ধারনকারীর কান্ড দেখে স্বর্ণ নিজেই লজ্জা শরমে যেন মরে যায়। সোনা অঙ্গের ভন্ডামী অসহনীয় মনে হয় আসল সোনার।
মানুষ একই অঙ্গে অনেক রূপ ধারণ করতে পারে। মানুষের সহজাত প্রবৃত্তির মাঝেই বহুরূপতা লুকিয়ে রাখে। কেউবা বহুরূপতাকে নিয়ন্ত্রণ রূপ দিতে পারে। আবার কেউ কেউ প্রকাশ্যেই তার বহুরূপতাকে উম্মোচিত করে পৈশাচিক আনন্দ লাভ করে।
রাজনীতিতে একই অঙ্গে বহুরূপতার বাহ্যিকতা আছে অনেক নেতাদের মাঝেই। মঞ্চে বা মাউথ পিস্ পেলেই নীতি আদর্শের ফুলঝুরি ছুটাবে তারা। আবার মঞ্চ থেকে নেমেই শুরু করবে নীতিহীন কর্মকান্ড।
এই জীবনে কত কি দেখলাম ? ভুতের মুখে যেমন রামনাম শোভা পায়না, তেমনি দুর্নীতিবাজদের মুখে নীতিকথা মানায় না। নীতি বিবর্জিত নেতা মনে করে তারা যে কথা বলবে সেটাই বেদবাক্য হিসাবে জনগণ গ্রহণ করবে। কিন্তু দিনতো বদলে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের নীচে বসা জুতা সেলাই করা মুচিটাও আজ ইন্টারনেটে ঘুরে বেড়ায় দুনিয়া জুড়ে। সত্য মিথ্যার মাপকাঠি আজ তার হাতের মুঠোয়।
আমি অনেক নেতা এমন কি জাতীয় নেতাকে চিনি। তাদের না আছে লজ্জা, না আছে বিবেকবোধ। বেলজ্জা বেশরমের মত মুখে যা আসে তাই বলে যায়। তাদের আচরণটা এরকম – রেল লাইনের ধারে লুঙ্গি তুলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যখন দেখে হুইসেল দিয়ে ট্রেন ছুটে আসছে, তখন দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে দিয়ে ভাবে, আমাকেতো কেউ দেখতে পেলোনা।
কিন্তু ট্রেনের জানালা দিয়ে যাত্রীরা ঠিকই দেখে গেল অনাবৃত এক পশ্চাদ্দেশ !
রাজনীতিতে দুর্বৃত্তায়নের সূচনা হয়েছে এমন রাজনীতিবিদের হাতেই – যারা মুখে এক বুলি আর কাজে আরেক বৈপরীত্য নিয়ে একই অঙ্গে বহু রূপ নিয়ে আছে। নষ্ট, ভ্রষ্ট, ভন্ডরা এখন নেতারূপে বহুরূপী প্রতিযোগিতায় অবতীর্ন। মুখের কথা আর তাদের কাজের মধ্যে সমান্তরাল এক ব্যবধান বিরাজ করছে। একই অঙ্গে তাদের অনেক রূপ !
নিজে দুর্নীতি অনাচার করে যে সকল নেতা নিজ দলের কর্মীদেরকে ধমক দিয়ে নীতি আদর্শের বুলি আওড়ায়,অসিহত নসিহত করে। কিন্তু সেই নেতারা বুঝেইনা কর্মীরা এমন ভন্ড নেতাদের করুণা ছাড়া আর কিছুই প্রদর্শন করেনা। বহুরূপী এমন নেতাদের উদ্যেশ্যে অন্তর থেকে উথলে উঠা ঘৃণার সাথে একদলা থুথু নিক্ষেপ করে ক্ষোভ প্রশমন করে তখন কর্মীরা।
লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।
কিউটিভি/ফারাহ /২৪.০৮.২০২৬/রাত ১১.৪৮
