নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

Anima Rakhi | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ - ০১:৩৫:১৭ পিএম

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় এম এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার নিচতলার বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

বিস্ফোরণের সময় তারা বয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের শরীর ঝলসে যায়।

সহকর্মীরা দগ্ধদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। কার শরীরের কত শতাংশ পুড়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।

অনিমা/২৬ অক্টোবর ২০২৫,/দুপুর ১:৩৫

▎সর্বশেষ

ad