আন্তর্জাতিক ডেস্ক : আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংসদের বিশেষ অধিবেশন শুরুর ঠিক আগে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করে ঐক্য ধরে রাখতে তৎপর হয়েছেন শীর্ষ নেতারা। এই লক্ষ্যে রোববার (২৯ নভেম্বর) বিরোধী নেতাদের একটি প্রতিনিধিদল চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন পুনর্বিন্যাস প্রশ্নে জোটের অবস্থান স্পষ্ট করা এবং ভাঙন ঠেকানোই এই চেন্নাই সফরের মূল উদ্দেশ্য। বিশেষ করে ডিএমকের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে বিরোধী শিবিরে নতুন করে আলোচনা ও অস্বস্তি তৈরি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) চেন্নাইয়ে দলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাবিত বিলগুলোর পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত জানায় ডিএমকে, যা বিরোধী জোটের কৌশলগত হিসাব-নিকাশে নতুন জটিলতা সৃষ্টি করেছে।
চেন্নাইগামী বিরোধী নেতাদের দলে রয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং আরজেডি নেত্রী মিসা ভারতীসহ অন্য শীর্ষ নেতারা।
এর আগে গত এপ্রিল মাসে একই ধরনের উদ্যোগে বড় ধাক্কা খেয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সে সময় লোকসভায় ৫২৮ জন সদস্য উপস্থিত ছিলেন এবং বিল পাশের জন্য প্রয়োজন ছিল ৩৫২ ভোট। কিন্তু সরকার পেয়েছিল মাত্র ২৯৮ ভোট, ফলে বিলটি পাশ করানো সম্ভব হয়নি।
তবে এবারের রাজনৈতিক সমীকরণে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিরোধী শিবিরে ডিএমকের অবস্থান ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার পাশাপাশি শরদ পাওয়ারের দলের অবস্থানও বিরোধীদের সম্মিলিত শক্তির হিসাবে প্রভাব ফেলতে পারে। ফলে এপ্রিলের তুলনায় এবার সরকারের পক্ষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কিছুটা সহজ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
এরপরও বিল পাশের পথ পুরোপুরি মসৃণ নয় বলেই মনে করা হচ্ছে, কারণ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার তুলনায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন অনেক বেশি কঠিন। জোটের ভেতরে নানা হিসাব-নিকাশ থাকলেও আসন পুনর্বিন্যাসের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের তুলনায় তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কা দীর্ঘদিনের।
সব মিলিয়ে এই বিল বিজেপি সরকারের জন্য যেমন একটি বড় রাজনৈতিক ও সংসদীয় পরীক্ষা, তেমনি বিরোধীদের জন্য নিজেদের ঐক্য ও শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ সুযোগ। চেন্নাই বৈঠকের পর এম কে স্ট্যালিনের অবস্থান কতটা বদলায়, তার ওপরই বিরোধীদের পরবর্তী কৌশল অনেকটাই নির্ভর করবে। শেষ পর্যন্ত সরকার প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন আদায় করতে পারে কিনা, নাকি বিরোধীদের ঐক্য আবারও সামনে বাধা হয়ে দাঁড়ায়—এখন সেদিকেই তাকিয়ে ভারতের রাজনৈতিক মহল।
আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩
