আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্য চুক্তি না হলে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা, বাজারে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বাধা এবং শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব কারণে দেশটির কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জানিয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দেশটির পণ্যের ওপর শুল্কের হার ১৭ শতাংশে নেমে আসবে।
গত মার্চে ১৬টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে ইউএসটিআর ৩০১ ধারায় তদন্ত শুরু করে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই নতুন শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। তদন্তের আওতায় থাকা অন্য অর্থনীতিগুলোর পণ্যে ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে যেসব বাণিজ্য অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের হার কম হবে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে প্রচলিত আমদানি শুল্কসহ ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভিয়েতনামের পণ্যে শুল্কের হার হবে ২০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্প কৌশল গ্রহণ করেছে, যেখানে উৎপাদন, মজুরি ও শ্রমিকদের অধিকার দমন, আর্থিক ও অন্যান্য সহায়তা, বাজারবহির্ভূত অর্থনীতির উপকরণ এবং বাজার বিকৃত করে এমন অন্যান্য চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব চর্চা তাদের অনুকূলে বাণিজ্য ভারসাম্য তৈরি করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল করছে।’ সূত্র: এনডিটিভি
আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৪
