ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন, ৯ ঘণ্টা পর মিলল মরদেহ

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৮:১৫:০৮ পিএম
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : নিজের জীবনের মায়া ত্যাগ করে বাঁচিয়েছিলেন আট বছরের এক শিশুকে। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে ওপরে তুলে দিলেও আর ফেরা হলো না নিজের ঘরে। জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো মো. ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিকের। অন্যের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের দুই সন্তানের কাছ থেকে চিরবিদায় নিলেন তিনি।

মঙ্গলবার বিকেলে ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার এনআরএল গ্রুপে কাটিং বান্ডেলম্যান হিসেবে কাজ করতেন। দরগার পাড় এলাকায় লেদুর বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিশুটির নাম শাহিন কাজী লাভলু (৮)। সে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান। প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল শিশু শাহিন। হঠাৎ অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়। শিশুটির চিৎকার ও পানিতে হাবুডুবু খাওয়ার দৃশ্য দেখে এক মুহূর্তও দেরি করেননি ছকিনুর। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েন ট্যাংকের ভেতর।

একপর্যায়ে শিশুটিকে টেনে ওপরে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সক্ষম হন তিনি। কিন্তু নিজের বেরিয়ে আসার আগেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে তার ওপর পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ছকিনুর। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ট্যাংকের পানি সেচে ফেলা ও ধসে পড়া দেয়াল-মাটি সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু দীর্ঘ সময়ের সেই শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয় এক হৃদয়বিদারক পরিণতিতে।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। চৌবাচ্চাটিতে প্রায় পাঁচ ফুট গভীর পানির নিচে দেয়ালচাপা অবস্থায় ওই ব্যক্তির দেহের অংশ দেখা যাচ্ছিল। রাত ১০টার দিকে ট্যাংকের পানি সেচে ফেলা হয়। এরপর দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, ফায়ার সার্ভিসের দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানের পর রাত সাড়ে ১১টার দিকে পোশাক শ্রমিক ছকিনুর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি শিশুর জীবনে নতুন সকাল এনে দিতে গিয়ে নিজের জীবনের শেষ বিকেল দেখলেন ছকিনুর ইসলাম। বেঁচে রইল শিশুটি, কিন্তু অপেক্ষায় থাকা স্ত্রী-সন্তানদের কাছে আর ফেরা হলো না তার। মানবিক সাহসিকতার এই ঘটনা এলাকায় শোকের পাশাপাশি গভীর শ্রদ্ধার জন্ম দিয়েছে।

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:১২
▎সর্বশেষ

ad