ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

অপরাজিত থেকে ইমার্জিং নেশনস ট্রফি জিতল শ্রীলংকা

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ - ০৭:০৯:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি উইমেন’স ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসরে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে শ্রীলংকা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতেছে লংকান মেয়েরা। বুধবার ফাইনালে আয়ারল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে শ্রীলংকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১২.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা।

এবারের আসরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো পাঁচটি সহযোগী সদস্য দেশের পাশাপাশি পাঁচটি পূর্ণ সদস্য দেশকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। সেখানে পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে শিরোপা নিজেদের করে নেয় শ্রীলংকা।

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অ্যালানা ডালজেল। ২৫ বলের ইনিংসটি খেলেন ছয় নম্বরে নেমে। এছাড়া লুইস লিটল ১৫ এবং জর্জিনা ডিম্পসি ১৩ রান করেন।

শ্রীলংকার বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন সাথিয়া সান্দিপানি। মাত্র ১৩ রান খরচায় চারটি উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলংকা। তবে চার নম্বরে ব্যাট করতে নামা ইমেশা দুলানি সেই চাপ সামাল দেন দারুণভাবে। ২৫ বলে অপরাজিত ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

তাকে দারুণ সঙ্গ দেন সানজানা কাভিন্দি ও কাভিশা দিলহারি। সানজানা ২২ বলে ২৫ এবং কাভিশা মাত্র ১০ বলে ১৬ রান করেন। শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্রীলংকা।

 

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad