ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ - ০৭:৩৭:৪৯ পিএম

ডেস্ক নিউজ : গত কয়েক দিনের টানা ও থেমে থেমে হওয়া বৃষ্টিতে জয়পুরহাটের নিচু জমির আগাম জাতের আলুখেত ও কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষিরা। পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে বৃষ্টির পানিতে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে এবং ১ হাজার ২৩৭ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পেঁয়াজ ও সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাকসবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় চাষিরা জানান, বর্তমানে মাঠে ধান কাটা চলছে এবং প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। যেসব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণকৃত আলুবীজের ওপর মাটি চাপা পড়ে চারা না গজিয়েই পচে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে খড় বা গোখাদ্য সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। এছাড়া টানা বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবীদের কাজ বন্ধ থাকায় তাদের আয় কমে গেছে। চাষিদের আশঙ্কা, আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা বলেন, বৃষ্টিতে কৃষকরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে এবং আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বৃষ্টি থেমে গেলে নতুন করে আলু রোপণের সুযোগ থাকবে; তবে আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে এলাকার কৃষকরা চরম বেকায়দায় পড়বেন।

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad