বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চে আলো ছড়িয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘রইদ’-এ অনবদ্য অভিনয়ের সুবাদে এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
‘রইদ’ সিনেমার জন্য এটি নাজিফা তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর স্বীকৃতি। এর আগে কানাডার অন্যতম সম্মানজনক আয়োজন ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে সিনেমাটিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছিলেন তিনি। নিজের এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও কাজের প্রতি নিষ্ঠাকেই সবার আগে রেখেছেন তুষি।
তার ভাষায়, ‘আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।’
শুধু অভিনয়ের স্বীকৃতিই নয়, নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নিজেই আন্তর্জাতিক অঙ্গনে এক শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ছবিটি।
পাশাপাশি সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। ‘রইদ’-এর প্রধান দুই চরিত্রে নাজিফা তুষির সঙ্গে পর্দা ভাগ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
আয়শা/২২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩
