ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ- এমন একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
তবে শেখ হাসিনা ওই বার্তাটি সিন করেননি। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করেননি শেখ হাসিনা। তবে এই স্ক্রিনশটটি আসল কিনা- সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করেনি।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, তারা নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনটি ফরেনসিকে পাঠাবেন। তখন এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।
জানা যায়, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
এদিকে, গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব নেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রীর নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ।
আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৫
