ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সঞ্জীব চৌধুরী চলে যাওয়ার ১৯ বছর আজ

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ - ১১:০৫:০৭ পিএম

বিনোদন ডেস্ক : ‘আগুনের কথা বন্ধুকে বলি, দু-হাতে আগুন তারও; কার মালা হতে খসে পড়া ফুল, রক্তের চেয়ে গাঢ়’—প্রেমের গান, তবু তার ভেতরেও যেন দাউদাউ জ্বলে আগুন। সঞ্জীব চৌধুরী তো এমনই অনল, যা বাংলা গানের মধুর সুরে স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল। আর সেই আগুন এখনো জ্বলছে, তার চলে যাওয়ার ১৯ বছর পরও, সমান কিংবা তারও অধিক তাপে। আজ কিংবদন্তি সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। ২০০৭ সালের আজকের দিনেই (১৯ নভেম্বর) অনন্তলোকে পাড়ি জমিয়েছেন তিনি।

সঞ্জীব চৌধুরী সেই বিরল শিল্পীদের একজন, যাকে স্ব-উদ্যোগে স্মরণ করে সাধারণ শ্রোতা ও গানের মানুষেরা। তার জন্য প্রয়োজন পড়ে না কোনো সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক আয়োজন। এই যেমন, আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসেছে বিশেষ গানের আসর ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’।

এখানেই শেষ নয়, আগামীকাল শুক্রবারও (২০ নভেম্বর) সন্ধ্যায় থাকছে সঞ্জীব স্মরণে বিশেষ গানের অনুষ্ঠান ‘হেঁটে গেছি বিরাণ পথে’। এটি আয়োজন করছে আজব কারখানা। রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এটি। মূলত সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানানোর আয়োজন এটি। এতে গাইবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন তারা।

ছবি- সংগৃহীত
সঞ্জীব চৌধুরীর জন্ম হবিগঞ্জে, ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। অষ্টম শ্রেণি পর্যন্ত সেখানেই পড়েছেন। পরে আসেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছিলেন তিনি। যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গেও। পেশাজীবনে কাজ করেছেন দেশের কয়েকটি প্রথম সারির সংবাদপত্রে।

গানের প্রতি অনুরাগ ছিল আগে থেকেই। সাংবাদিকতার পাশাপাশি গান করতেন ‘শঙ্খচিল’ নামের একটি দলে। পরে ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ‘দলছুট’। এটি দেশের প্রথম ব্যান্ড, যেখানে সদস্য মাত্র দুজন। তারা যৌথভাবে ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭) অ্যালবামগুলো প্রকাশ করেছিলেন।

সঞ্জীব চৌধুরীর কণ্ঠে বেশ কিছু গান হয়েছে জনপ্রিয়। এর মধ্যে কয়েকটি হলো ‘বায়স্কোপ’, ‘আমি তোমাকে বলে দেব’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘রিকশা’, ‘কথা বলবো না’, ‘হৃদয়ের দাবি’, ‘স্বপ্নবাজী’, ‘এই নষ্ট শহরে’ ইত্যাদি। এছাড়া বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি বানাইয়াছে নাও’ গান দুটিও তার কণ্ঠে আলাদা জনপ্রিয়তা পেয়েছিল।

ক্ষমতা কিংবা লাভের মোহ ছিল না সঞ্জীব চৌধুরীর। গানে গানে কেবল মানুষের কথা বলতে চেয়েছিলেন তিনি। তাই প্রাতিষ্ঠানিক কিংবা রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি তার না জুটলেও সচেতন শ্রোতার কাছে তিনি অমূল্য। আজও তাই সঞ্জীবের গান হয়ে ওঠে প্রজন্মের হৃদয়ের ভাষা।

 

 

আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৩

▎সর্বশেষ

ad