ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাটাবন ও শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে এতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।’ এসব হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে অভিযোগ করেন তিনি।
রাকিবুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের কোনও ছাত্র সংগঠনের ইতিহাসে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণা করার নজির নেই। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে পালিয়ে গিয়ে ভারত থেকে কর্মসূচি ঘোষণা করছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা অতীতে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি কিংবা অনুশোচনা প্রকাশ করেননি; বরং সাধারণ শিক্ষার্থীদের ওপর কীভাবে ককটেল নিক্ষেপ করা যায়, সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে।’
বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেন ছাত্রদল সভাপতি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। এখন ভারত থেকে আবারও একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা ছাত্রদল মেনে নেবে না বলেও জানান তিনি।
নাছির উদ্দীন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল। সেই সক্রিয় ভূমিকার কারণে তারা ঢাকা শহরের কোথাও কোনও সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি।’সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪
