ডেস্ক নিউজ : কেবল নাশকতার পথ ধরে ইতিহাসে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী ক্ষমতায় আসতে পারেনি। এর পরিবর্তে দরকার ইতিবাচক রাজনীতি ও সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। অথচ আওয়ামী লীগের বর্তমান রাজনীতির প্রধান লক্ষ্য আসলে কী, তা নিয়ে এখনো কারও কাছ থেকে স্পষ্ট কোনো রূপরেখা আসেনি। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকলেও চব্বিশের গণ-অভ্যুত্থানের আগের সময়কার কোনো ত্রুটি নিয়ে তারা কোনো রাজনৈতিক অবস্থান বা ব্যাখ্যা তুলে ধরেনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার কোনো চাপে নেই। আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকে ভিডিওবার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগুন দেওয়া, মানুষ পোড়ানো, হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও গণহত্যা আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, দলটি আবারও এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে সরকার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় এবং প্রাণহানি ঘটে। কিন্তু বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় রাজপথে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে চায় না। একজন নিরপরাধ মানুষও যাতে গুলিতে নিহত বা আহত না হন, সে বিষয়ে সরকার সতর্ক।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ফেরা আর শেখ হাসিনা ফেরা দুটি ভিন্ন কথা। প্রশ্ন হতে পারে শেখ হাসিনা ফিরবেন কিনা। আমি মনে করি ফিরবেন না। কারণ তিনি ভারত চলে যাওয়ার ঠিক পরের দিন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে, বাংলাদেশের প্রতি তাদের আর কোনো আগ্রহ নেই। অথচ এখন আবার ফেরার ইচ্ছার কথা বলা হচ্ছে। এই দ্বিমুখী কথার মধ্যে কোনটি সত্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, শেখ হাসিনা যদি ফিরতে চান, তবে আইনগতভাবে একমাত্র পথ হলো প্রত্যর্পণ। তবে ভারত তাকে সেভাবে সহজে আসতে দেবে বলে মনে হয় না এবং এই সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায়, তবে যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত বা সাজা হয়নি, তেমন নতুন ও পরিচ্ছন্ন নেতৃত্বকে সামনে রেখে দল পুনর্গঠন করতে হবে। এক্ষেত্রে দোষ স্বীকার ও ক্ষমার প্রক্রিয়ার মাধ্যমে তারা সম্মানের সঙ্গে ফেরার কথা ভাবতে পারেন। এর বাইরে যদি জোরপূর্বক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করা হয়, তবে তার কোনো ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।
এদিকে কোনো রাজনৈতিক বক্তব্য না দিয়ে শুধু ককটেল ও সহিংসতার পুরোনো কৌশল কাজে আসবে কি না, এমন আলোচনা আছে আওয়ামী লীগের শুভাকাক্সক্ষীদের মধ্যেও। তাদের মতে, বরং ধৈর্য ধারণ এবং পরিস্থিতি পর্যালোচনা করে রাজনীতিতে আওয়ামী লীগের নতুন বয়ান তৈরি করা উচিত। যেমন-১/১১ পরিস্থিতির মধ্য দিয়ে বিএনপি তৎকালীন সময়ে ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। কিন্তু তারপর ক্ষমতায় ফেরার জন্য দলটি নতুন রাজনৈতিক বয়ান হিসাবে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন দর্শনের মূল ভিত্তি ৩১ দফা, ভিশন ২০৩০-সহ অনেক রূপরেখা সামনে নিয়ে এসেছে। তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছেন। গত ১৭-১৮ বছরে বিএনপি নেতিবাচক কোনো রাজনীতির চর্চা করেনি। খালেদা জিয়া কারামুক্ত হয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দেননি। এমনকি ক্ষমতায় এসে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান আওয়ামী বিদ্বেষমূলক কোনো কথা বলেননি।
বিশ্লেষকদের মতে, ২৪-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন তখনই নিশ্চিত হয়েছিল, যখন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল। অথচ বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ৯ মাস পার হয়েছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ বা আন্দোলনও গড়ে ওঠেনি। উলটো আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ ও সহিংসতার কারণে সাধারণ মানুষ আতঙ্কিত। সেই আতঙ্কের জন্য আওয়ামী লীগের প্রতি কোনো জনসমর্থন প্রমাণ করে না। জনসমর্থন নির্ভর করে রাজনৈতিক অঙ্গীকার ও জনগণের আস্থার ওপর, যা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রতি এখনো নেই। তাছাড়া জুলাই আন্দোলনের ক্ষত এখনো শুকায়নি। হাসিনার গুম-খুনের কথাও মানুষ ভুলে যায়নি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ তার অতীতের কর্মকাণ্ড আবারও জনগণের কাছে তুলে ধরেছেন। এখন সরকারের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ফ্যাসিবাদের সহযোগী যারা, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, বিএনপিসহ ফ্যাসিবাদের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, তাদের উচিত আইনশৃঙ্খলা বাহিনীর এই কাজকে রাজনৈতিকভাবে সমর্থন করা। একই সঙ্গে, সাধারণ মানুষকে সচেতন করার জন্য উদ্যোগী কর্মসূচি নেওয়া, যাতে মানুষ কোনো ফাঁদে পা না দেয় এবং সবাই একটু সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন। জনজীবনে অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করার কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করাই আপাতত সবার প্রধান দায়িত্ব।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, যারা এ ধরনের গণহত্যায় লিপ্ত হয়, পৃথিবীর ইতিহাস হলো তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যায়। জুলাই গণহত্যার মাধ্যমে তারা তাদের রাজনীতির কবর রচনা করেছে। জাতিসংঘসহ সারা বিশ্বের কাছে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসাবে পরিচিতি পেয়েছে। তাদের যতটুকু অবস্থান ছিল, সেটুকুও চলমান সহিংসতায় ধ্বংস করেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে পথ বেছে নিয়েছে, সেটা সহিংসতার পথ। এ পথে ওরা রাজনৈতিকভাবে ফিরতে পারবে না, সেটা স্পষ্ট। তাদের ফিরতে হলে রাজনৈতিকভাবে ফিরতে হবে। কিন্তু গত আড়াই বছরে রাজনৈতিকভাবে ফেরার জন্য যে পলিটিক্যাল ইনিশিয়েটিভ দরকার সেটি তারা নেয়নি। ১৪-১৫ বছরের হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করা, অনুশোচনা করা, তার কিছুই তাদের মধ্যে নেই। এমনকি কোনো রাজনৈতিক বক্তব্যও নেই তাদের। এই পজিশনে তারা কোনোভাবেই ফিরতে পারবে না।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ২৫ বছর দেশ শাসন করেছে, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কিন্তু ১৯৭৫-এ তাকে আন্তঃদলীয় সামরিক ক্যু এবং ২০২৪-এ অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারাতে হয়েছে। দুবারই আওয়ামী লীগের বিরুদ্ধে দলমতনির্বিশেষে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। ৭৫-এর পর আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতিতে ফিরতে ১৫-২০ বছর সময় লেগেছিল এবং সেটা ছিল এক ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরা। এবার তারা যে সহিংসতা ও নাশকতার মাধ্যমে ফিরতে চাচ্ছে তা খুবই ভয়ানক পথ। সন্ত্রাসবাদী দল হিসাবে তারা সাময়িক ভীতি তৈরি করতে পারলেও আমার মনে হয় না, এ পথে তারা রাজনৈতিক দল আকারে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে।
আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪০
