ডেস্ক নিউজ : দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বুধবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রায়ের বিষয়টি আমরা শুনেছি। আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেলেই আমরা আপিল করব।’এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারি করেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) সকালে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। প্রসঙ্গত, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মাত্র সাত দিনে দুই লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। এজন্য ১৩-১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম চলবে। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং ২১-২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্রগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলবে। এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাশাপাশি মেডিকেল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বুধবারের (১৮ নভেম্বর) হাইকোর্টের আদেশের ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয়ই ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই পাসের হার ছিল সর্বনিম্ন।
আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৪৪
