জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ধলিয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেন পলাশপুর জোনের জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।
বিজিবি সূত্রে জানা যায়, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধীনস্থ অযোধ্যা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২২৬/২-আরবি থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলিয়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রাক্কালে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের হালিশহর এলাকার নন্দন কুমার দে (৩১), খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার সঞ্জয় দে (৪৩) এবং মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা নুরনবী পাড়ার মো. সাদ্দাম (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, নন্দন কুমার দে-এর অসুস্থ পিতার সঙ্গে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা করার উদ্দেশ্যে তারা বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি চার্জার ও নগদ ২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের উদ্ধার করা মালামালসহ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাশপুর জোনের জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত রয়েছে।
আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০
