এক ঢিলে দুই পাখি

Ayesha Siddika | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ - ০৬:৫৬:০৭ পিএম

বিনোদন ডেস্ক : নতুন বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমা। শিগগিরই নামবেন প্রচারণায়। তবে তার আগে পুরো টিম নিয়ে নির্মাতা হাজির হলেন বিশ্বকাপের খেলার মাঠে। কলকাতার ইডেন গার্ডেন মাঠে আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে এবং নিজেদের সিনেমার প্রচারণা করতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন ‘কাজল রেখা’ সিনেমার নায়ক, নায়িকা ও কুলাকুশলীর একটি দল।

এসময় গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে দেখা গেছে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চিত্রনায়ক শরিফুল রাজ, অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীসহ আরও বেশ কয়েকজনকে। পরিচালক বলেন, ‘এখানে দুটি কাজ হচ্ছে। আমরা খেলা দেখছি, পাশাপাশি ‘কাজল রেখা’ ছবিটির কিছুটা প্রমোশনও হচ্ছে। নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা কয়েকজন ‘কাজল রেখা’ লেখাসংবলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে থাকছি। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা।’

এক ঢিলে দুই পাখি

অন্যদিকে ‘কাজলরেখা’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী বলেন, আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি পাচ্ছে। তাই এবার খেলা দেখার পাশাপাশি প্রচারণাও চালিয়ে নিচ্ছি। মাঠে বসে খেলা দেখার আনন্দটাই অন্য রকম। তাই ছুটে আসা। এক ফাঁকে ছবির প্রচারণাও করা।

ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। গত বছরের এপ্রিলে শুটিং শুরু হয় এবং শেষ হয় চলতি বছরে। ‘কাজল রেখা’ ছবিতে কঙ্কণ দাসী চরিত্রে রাফিয়াত রশীদ মিথিলা, কাজল রেখা চরিত্রে মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান এবং সুচ কুমার চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ঝুনা চৌধুরী, সাহানা সুমি, খাইরুল বাসার প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩

▎সর্বশেষ

ad