
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল হারলেও ব্যাট হাতে নিজের কাজটা ঠিকঠাকই করতে পেরেছেন মাহমুদউল্লাহ। চমৎকার ব্যাটিংয়ে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন বাংলাদেশের এই তারকা। তার চোখধাঁধানো ইনিংস নিয়ে বইছে প্রশংসার জোয়ার। পাকিস্তানের সাবেক ক্রিকেট রমিজ রাজাও মাহমুদউল্লাহকে স্তুতিতে ভাসিয়েছেন।
প্রোটিয়াদের সঙ্গে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একা লড়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। প্রতিপক্ষের বিশাল লক্ষ্যের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শঙ্কা ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের। কিন্তু মাহমুদউল্লাহর ইনিংসে অন্তত ওই স্বাদ পেতে হয়নি বাংলাদেশকে।
১১১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। আইসিসি ইভেন্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। বিশ্বকাপ জেতা রমিজের বিশ্বাস, মাহমুদউল্লাহর এই এক ইনিংসই বাংলাদেশকে জাগিয়ে তুলবে। পরের ম্যাচেই এর প্রতিফলন দেখার ব্যাপারে আশাবাদী তিনি।
পিসিবির সাবেক প্রধান মাহমুদউল্লাহকে নিজের পছন্দের ব্যাটসম্যান উল্লেখ করে বলেন, ‘সে আমার খুব পছন্দের। কারণ, চুপচাপ থেকে সে ব্যাটিং করে যায়। বিশ্বকাপ দলে শুরুতে তার নাম (থাকার কথা) ছিল না। পরে দলে ঢুকেছে। এরপরও সে অসাধারণ ইনিংস খেলেছে। বিশ্বকাপে সে আগেও ভালো করেছে। এটা তার তৃতীয় সেঞ্চুরি। তার হেলমেটে বল লেগেছিল। কিন্তু এরপরও সে হুক পুল অনেক ভালো খেলেছে।’
মাহমুদউল্লাহর এই ইনিংস বাংলাদেশকে নতুন করে জাগিয়ে দিতে পারে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ, ‘এই ইনিংসে সে বাংলাদেশের ড্রেসিংরুমে একটি বার্তাও দিয়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। সে জানিয়েছে, যদি আপনার বড় মন থাকে, আবেগ থাকে, ব্যাকফুটে যদি ভালো খেলতে পারেন এবং নিজেকে যদি সময় দেন, তবে আপনি যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে পারেন।
তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে অসাধারণ একটি ইনিংস সে খেলেছে। কারণ, যখন উইকেট পড়তে থাকে এবং আপনি জানেন যে জেতা কঠিন, তখন মনোযোগও আর থাকে না। কিন্তু সে জানত, নিজেকে তার প্রমাণ করতে হবে। সে জানত, তার নিজের ক্যারিয়ারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ইনিংস। এই ইনিংসের কারণে পরের ম্যাচে বালাদেশ ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশকে বেশ কিছু বার্তা সে দিয়েছে। এখন আগামী ম্যাচে বাংলাদেশ কী করে সেটাই দেখার বিষয়।’
আগামী ২৮ অক্টোবর শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫২






