পুলিশ কল্যাণ তহবিল বিল জাতীয় সংসদে উত্থাপন

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৯:২৮:০৭ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল জাতীয় সংসদে তোলা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, কর্মচারী বলতে পুলিশ সাব-ইন্সপেক্টরের নিচের পদমর্যাদার কোনো পুলিশ এবং পুলিশ অধিদপ্তরে কর্মরত পুলিশ নন এমন সব কর্মচারীকে বোঝাবে। আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড নামে একটি বোর্ড থাকবে।

পদাধিকার বলে মহাপুলিশ পরিদর্শক এই বোর্ডের চেয়ারম্যান হবেন। তহবিল থেকে কর্মচারী ও তাদের পরিবারকে কল্যাণ অনুদান মঞ্জুরি করবে বোর্ড। কর্মচারীদের দেওয়া চাঁদা, সরকারি অনুদান, তহবিলের অর্থ বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা এবং অন্য কোনো বৈধ উৎস থেকে পাওয়া টাকায় তহবিল গঠন করা হবে।

প্রত্যেক কর্মচারীর বেতন থেকে মাসিক চাঁদা হিসেবে সরকার নির্ধারিত পরিমাণ টাকা কেটে তা তহবিলে জমা করা হবে। ১৯৮৬ সালে সামরিক আমলে করা দ্য পুলিশ (নন গেজেটেড এপ্লয়িইজ) ওয়েলফেয়ার ফান্ড অর্ডিন্যান্স রহিত করে নতুন এই আইনটি করা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:২১

▎সর্বশেষ

ad