বিনোদন ডেস্ক : বলিউডে ইমরান হাশমি দীর্ঘদিন ধরে ‘সিরিয়াল কিসার’ বা চুম্বন দৃশ্যে পটু অভিনেতা হিসেবে পরিচিত। ২০০৪ সালে ‘মার্ডার’ ছবির মাধ্যমে পর্দায় আসার পর থেকেই তার সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যগুলো ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দর্শকদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করে।’মার্ডার’, ‘জান্নাত’, ‘আশিক বানায়া আপনে’ এবং ‘রাজ থ্রি’-এর মতো ছবিতে চুম্বন দৃশ্যের কারণে তিনি দ্রুত এই তকমা পান। কিন্তু, চুম্বনপটু এ অভিনেতার সম্পদের পরিমাণ আপনাকে ভাবাবে।
বর্তমানে ‘গানমাস্টার জি৯’ ছবির জন্য পত্রিকার শিরোনামে থাকা ইমরান হাশমির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা। ইমরানের আয়ের বড় অংশই আসে ছবি থেকে। ছবিতে অভিনয়ের পারিশ্রমিকের পাশাপাশি, বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন থেকেও মোটা টাকা আয় করেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেতার সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা। অন্য দিকে, বিভিন্ন সূত্রের দাবি, একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। ছবির লাভের অংশও পেয়ে থাকেন বলে শোনা যায়। বিজ্ঞাপনের ক্ষেত্রেও তার পারিশ্রমিক প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় রয়েছে ইমরানের বিলাসবহুল ফ্ল্যাট। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বাড়ির অন্দরসজ্জায় জাঁকজমকের চেয়ে সরলতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এ অভিনেতা। হালকা রং, কাঠের কাজ এবং খোলামেলা জায়গা বাড়িটির বিশেষ আকর্ষণ। রয়েছে ব্যক্তিগত জিম এবং বইয়ের সংগ্রহ নিয়ে সাজানো একটি পাঠাগারও।
শুধু মুম্বাই নয়, গোয়াতেও সম্পত্তি রয়েছে ইমরানের। ২০১০ সালে সমুদ্রের ধারে চারতলা একটি বিলাসবহুল পেন্টহাউস কিনেছিলেন তিনি। সেই বাড়িতে রয়েছে সুইমিংপুল, জিম এবং ছাদবাগান। শুটিংয়ের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি পেলেই গোয়ায় সময় কাটাতে পছন্দ করেন এ অভিনেতা। এ ছাড়াও লোনাভলায় প্রায় ১২ কোটি টাকা মূল্যের একটি ভিলা রয়েছে বলে শোনা যায়।
এছাড়াও হিমাচল প্রদেশেও ইমরানের একটি বাড়ি রয়েছে বলে শোনা যায়। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় বাণিজ্যিক সম্পত্তিতেও বিনিয়োগ রয়েছে তার। গাড়ির প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে ইমরানের। তার সংগ্রহে রয়েছে একাধিক দামি গাড়ি। তালিকায় রয়েছে প্রায় ৩.২ কোটি টাকা মূল্যের লামবোঘিনি হুরাকেন, মারসিডিজ মেব্যাশ এস৫৬০, অডি এ৮ এল ও রেঞ্জ রোভার ভোগ। এই গাড়িগুলোর মোট মূল্য ১৩ কোটি টাকারও বেশি হতে পারে। উল্লেখ্য, ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে ‘গানমাস্টার জি৯’। এই ছবিতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ। ছবির রোম্যান্টিক দৃশ্যে জুটির রসায়ন দর্শকের নজর কেড়েছে।
আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৪
