ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

হাসিনার মৃত্যু-সুস্থতা নিয়ে গুঞ্জনের কারণ কী?

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ - ০৫:০৬:০৫ পিএম

ডেস্ক নিউজ : ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে এক অস্বস্তিকর প্রশ্নের জন্ম হয়েছে—তিনি কি সুস্থ আছেন? নাকি তার শারীরিক অবস্থা নিয়ে এমন কিছু ঘটেছে, যা প্রকাশ্যে আনতে চাইছে না তার দল? এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছে। কোথাও দাবি করা হচ্ছে, তিনি গুরুতর অসুস্থ; কোথাও আবার তার মৃত্যুর দাবিতে বিভিন্ন ছবি ও কথিত তথ্য প্রচার করা হচ্ছে। যদিও এসব দাবির সত্যতা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি।

কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে ঘিরে এমন গুঞ্জন তৈরি হলো কেন? এটি কি নিছক সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচার, নাকি এর পেছনে রয়েছে কিছু বাস্তব ঘটনা, অসংগতি এবং রাজনৈতিক রহস্য, যেগুলোর যথাযথ ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না?এর মাঝেই গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ‘Bangladesh Awami League’ থেকে একটি অডিও বার্তা প্রচার করা হয়, যেখানে তাকে ‘সুস্থ আছেন’ দাবি করতে শোনা যায়। কিন্তু ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ অনুসন্ধান করে জানায়, অডিওটি সাম্প্রতিক নয়; অন্তত এক বছর আগে থেকেই তা অনলাইনে পাওয়া যাচ্ছে। বিতর্ক ও ফ্যাক্টচেকিংয়ের পর শনিবার দলটির ভেরিফায়েড পেজে গিয়ে আর অডিওটি খুঁজে পাওয়া যায়নি—তা ডিলিট করে দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হওয়ার পেছনে আওয়ামী লীগের নিজেদের প্রচারণারও একটি ভূমিকা রয়েছে। বিশেষ করে তার সরাসরি উপস্থিতির ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত কেবল রেকর্ড করা অডিও প্রচারের ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। প্রশ্ন  উঠছে, যাকে কেন্দ্র করে দলের এত রাজনৈতিক তৎপরতা, সেই নেত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে দলটি কেন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারছে না?

এই গুঞ্জনের শিকড় খুঁজতে গেলে পেছনে ফিরে তাকাতে হয়। গত পাঁচ আগস্ট দিল্লিতে সাংবাদিকদের ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং দলটির অনুসারী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারকরা ব্যাপকভাবে প্রচার করেছিলেন, শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। অনলাইনে তার বক্তব্য শোনার পাশাপাশি তাকে সরাসরি দেখার প্রত্যাশা তৈরি হয়েছিল অসংখ্য মানুষের মধ্যে।

কিন্তু শেষ পর্যন্ত কী দেখা গেল? শেখ হাসিনা সরাসরি ক্যামেরার সামনে উপস্থিত হলেন না। তার পরিবর্তে প্রচার করা হলো একটি রেকর্ড করা অডিও বার্তা। অর্থাৎ যে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তার সরাসরি উপস্থিতির প্রত্যাশা তৈরি করা হয়েছিল, সেখানে তার শারীরিক উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া গেল না।

এখানে আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনটি ঘিরে অনলাইনে বিপুলসংখ্যক মানুষ যুক্ত হয়েছিলেন শেখ হাসিনাকে সরাসরি দেখার প্রত্যাশায়। কিন্তু বক্তব্য শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রায় লক্ষাধিক দর্শক-শ্রোতা অনলাইন সম্প্রচার থেকে সরে যান বলে সে সময় বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। এর মধ্য দিয়ে বোঝা যায়, মানুষের একটি বড় অংশ কেবল তার রেকর্ড করা বক্তব্য শুনতে নয়, তাকে সরাসরি দেখতে আগ্রহী ছিলেন।

আমি তখনই প্রশ্ন তুলেছিলাম, শেখ হাসিনা কি সত্যিই সুস্থ আছেন? তিনি কি স্বাভাবিকভাবে কথা বলার মতো শারীরিক সক্ষমতা রাখেন? নাকি তার শারীরিক অবস্থা এমন কোনো পর্যায়ে রয়েছে, যার কারণে তাকে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না?

এই প্রশ্ন তোলার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। কারণ, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নিয়মিত ক্যামেরার সামনে আসতেন। সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক সভা, সংবাদ সম্মেলন কিংবা বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনে তার উপস্থিতি ছিল অত্যন্ত স্বাভাবিক। ক্যামেরার সামনে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। অথচ ক্ষমতাচ্যুত হওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এত বড় বড় ঘোষণা আসছে, কিন্তু তার সরাসরি উপস্থিতি দেখা যাচ্ছে না। একবার নয়, বারবার রেকর্ড করা বক্তব্য বা অডিও প্রচারের ওপর নির্ভর করতে হচ্ছে কেন?

সম্প্রতি শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়। শুক্রবার, ২৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে প্রকাশিত ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি সুস্থ আছেন এবং তাকে নিয়ে অসুস্থতার অপপ্রচার চালানো হচ্ছে।

কিন্তু অডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের অনুসন্ধানের পর। প্রতিষ্ঠানটি জানায়, আওয়ামী লীগের অফিসিয়াল পেজে প্রচারিত অডিওটি সাম্প্রতিক নয়। অন্তত এক বছর আগে থেকেই এটি অনলাইনে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থার প্রমাণ হিসেবে যে অডিও প্রচার করা হয়েছে, সেটি তার বর্তমান অবস্থার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অডিওটি সরিয়েও ফেলা হয়।

এখানেই আওয়ামী লীগের প্রচারণার বড় ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। একজন রাজনৈতিক নেতার সুস্থতার প্রমাণ দিতে গিয়ে যদি তার দলের অফিসিয়াল পেজ থেকে এক বছর আগের অডিও প্রচার করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষের মনে সন্দেহ তৈরি হবে। বরং এই প্রচারণা সন্দেহ দূর করার পরিবর্তে আরও বাড়িয়ে দিয়েছে।

দ্য ডিসেন্ট অবশ্য শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি। সুতরাং তার মৃত্যু কিংবা গুরুতর অসুস্থতার খবরকে সত্য বলে প্রচার করার সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে পুরোনো অডিওকে বর্তমান সুস্থতার প্রমাণ হিসেবে উপস্থাপন করারও কোনো যৌক্তিকতা নেই।

এখানে প্রযুক্তির বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে বাস করছি। কারও পুরোনো কণ্ঠস্বর ব্যবহার করে নতুন অডিও তৈরি করা কিংবা কথিত বক্তব্য প্রচার করা আগের তুলনায় অনেক সহজ। ফলে শুধু একটি অডিও শুনে কোনো ব্যক্তির বর্তমান অবস্থান, সুস্থতা কিংবা জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করা যায় না।

তবে একটি বিষয় পরিষ্কার—সরাসরি ক্যামেরার সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার তুলনায় পুরোনো অডিও প্রচার অনেক কম বিশ্বাসযোগ্য। বিশেষ করে যখন কোনো ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, তখন তার সরাসরি উপস্থিতিই সবচেয়ে কার্যকর প্রমাণ হতে পারে।

এ কারণেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে নিজের জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য রয়েছে। কারণ, মৃত্যুর গুঞ্জন দূর করার জন্য একটি পুরোনো অডিও প্রচার করা হলে সন্দেহ আরও বাড়বে, এটাই স্বাভাবিক।

অন্যদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দীর্ঘদিনের প্রকাশ্য অনুপস্থিতি, কথিত অডিওর সত্যতা এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন।

এখানে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। শেখ হাসিনা জীবিত আছেন, নাকি তার শারীরিক অবস্থা গুরুতর—এটি অনুমান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রত্যক্ষ ও বিশ্বাসযোগ্য প্রমাণ। কিন্তু আওয়ামী লীগ যদি সত্যিই এসব গুঞ্জনকে ভিত্তিহীন মনে করে, তাহলে তাদের জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে শেখ হাসিনাকে সরাসরি ক্যামেরার সামনে হাজির করা।

এবার আসা যাক ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং সীমান্তকেন্দ্রিক আওয়ামী লীগের নেতাদের সাম্প্রতিক তৎপরতার প্রসঙ্গে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। তবে এ ধরনের প্রতিবেদনের অর্থ এই নয় যে, তার দেশে ফেরা নিশ্চিত কিংবা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফিরতে হবে। অর্থাৎ শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি কোনো রাজনৈতিক ইচ্ছা কিংবা প্রচারণার ওপর নির্ভরশীল নয়। এর সঙ্গে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া, প্রত্যর্পণ চুক্তি এবং ভারতের রাষ্ট্রীয় সিদ্ধান্ত সরাসরি জড়িত।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সীমান্তকেন্দ্রিক তৎপরতার খবরও সামনে এসেছে। গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চারজন শীর্ষস্থানীয় নেতা। তাদের মধ্যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তাঁদের প্রায় দুই ঘণ্টার বৈঠকের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এরপর ২৫ নভেম্বর আওয়ামী লীগের নেতাদের ত্রিপুরা সফর এবং আগরতলা-আখাউড়া সীমান্ত পরিদর্শনের খবর সামনে আসে। দলীয় সূত্রের বরাতে বলা হয়েছে, তারা বাংলাদেশে ফেরার সম্ভাব্য বিকল্প পথগুলো পর্যালোচনা করছেন। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে আওয়ামী লীগের নেতাদের এই সীমান্তকেন্দ্রিক তৎপরতার প্রকৃত উদ্দেশ্য কী?

এটি কি সত্যিই তার প্রত্যাবর্তনের প্রস্তুতি, নাকি রাজনৈতিকভাবে দেশে ফেরার একটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা? কারণ, সীমান্ত পরিদর্শন কিংবা কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক মানেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের নিশ্চয়তা নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আওয়ামী লীগের যেসব নেতা ভারতে অবস্থান করছেন, তাদের কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে। কারও বিরুদ্ধে পৃথক মামলায় রায়ও হয়েছে। ফলে তাঁদের প্রত্যাবর্তনের প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, বিচারিক ও আইনি বিষয়ও।

আমার বিবেচনায়, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা বাস্তব প্রত্যাবর্তনের চেয়ে রাজনৈতিক মনস্তত্ত্বের সঙ্গে বেশি সম্পর্কিত। আমি আগেও আমার বিভিন্ন কলামে বলেছি, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা দেখি না। শুধু ১৬ ডিসেম্বর নয়, নিকট ভবিষ্যতেও তার প্রত্যাবর্তন অত্যন্ত জটিল। এমনকি তিনি দেশে ফিরতে চাইলেও ভারত তাকে প্রত্যর্পণ করবে কি না, সেটি একটি বড় প্রশ্ন।

ভারতের জন্য শেখ হাসিনা এখন কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন; তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের পরিবর্তিত রাজনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। নতুন বাস্তবতায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগের মতো একমুখী রাজনৈতিক সমীকরণে পরিচালিত হচ্ছে না।

এখানে ভারতের ভূরাজনৈতিক স্বার্থ, আঞ্চলিক আধিপত্যের আকাঙ্ক্ষা, নিরাপত্তা এবং বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের হিসাব-নিকাশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক প্রচারণা, তার প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং আওয়ামী লীগের নেতাদের সীমান্তকেন্দ্রিক তৎপরতা—সবকিছুকে এই বৃহত্তর প্রেক্ষাপটের বাইরে রেখে বিচার করার সুযোগ নেই।

আমার পর্যবেক্ষণ হলো, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রচারণা ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক হিসাব-নিকাশেরও একটি অংশ হতে পারে। বাংলাদেশের বর্তমান সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখা, জনমনে অস্থিরতা তৈরি করা এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা—এসব সম্ভাবনাও আলোচনায় রাখা প্রয়োজন। তবে এসব বিষয়ে অনুমানকে প্রমাণিত রাষ্ট্রীয় পরিকল্পনা হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক আলোচনা যতই চলুক, বাংলাদেশের মানুষের বাস্তব উদ্বেগ এখন দেশের শান্তি, নিরাপত্তা, অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রা।

সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, মানুষের প্রাণহানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ এবং অগ্নিনির্বাপণকাজে বাধা দেওয়ার মতো ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবরও জাতীয় নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমেও এসব সহিংসতার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন কূটনীতিক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞরা তারেক রহমানের সরকারকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে। তাদের বক্তব্য হলো, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অধ্যায় শেষ। সুতরাং একজন ব্যক্তির অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের জাতীয় স্বার্থ যাতে কোনভাবেই জিম্মি হতে না পারে সে বিষয়ে মনোযোগী হওয়ার জন্য সরকারকে তারা পরামর্শ দিচ্ছে।

আমি মনে করি, শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক প্রচারণার চেয়ে সরকারের কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করা। কারণ, শেখ হাসিনা জীবিত আছেন কি না, সুস্থ আছেন কি না, কিংবা ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন কি না—এসব প্রশ্নের উত্তর সময় ও বিশ্বাসযোগ্য প্রমাণের মাধ্যমে পাওয়া যাবে। কিন্তু দেশের মানুষের নিরাপত্তা আজকের বাস্তবতা। কোনো নাগরিক যেন রাজনৈতিক সহিংসতার শিকার না হন, কোনো হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা কিংবা সরকারি-বেসরকারি স্থাপনা যেন হামলার লক্ষ্যবস্তু না হয়, সেটি নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।

সরকারকে বুঝতে হবে, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ব্যস্ততা রাষ্ট্র পরিচালনার বিকল্প হতে পারে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা তার মৃত্যু-সুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কে সরকারের নীতিনির্ধারকদের অতিরিক্ত মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। বরং যারা পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করছে, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো, আইন প্রয়োগে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকা চলবে না। অপরাধী যে দলেরই হোক, যে পরিচয়েই থাকুক, তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার নামে যেন নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। 

পরিশেষে বলতে চাই, শেখ হাসিনার মৃত্যু কিংবা সুস্থতা নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে, সেটিকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার যেমন সুযোগ নেই, তেমনি নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া মৃত্যুর খবরকে সত্য বলারও কোনো অবকাশ নেই। এই রহস্যের অবসান ঘটানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে শেখ হাসিনার সরাসরি ক্যামেরার সামনে উপস্থিত হওয়া। তার দল যদি সত্যিই মনে করে তিনি সুস্থ আছেন এবং তাকে নিয়ে প্রচারিত সব খবর অপপ্রচার, তাহলে একটি সরাসরি ভিডিও বক্তব্য দিয়েই তারা অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারে।

কিন্তু পুরোনো অডিও প্রচার, অস্পষ্ট রাজনৈতিক ঘোষণা এবং প্রত্যাবর্তনের তারিখ নিয়ে ধারাবাহিক প্রচারণা জনমনের সন্দেহ দূর করবে না। বরং নতুন নতুন প্রশ্ন তৈরি করবে। আর ১৬ ডিসেম্বরের প্রত্যাবর্তন নিয়ে আমার অবস্থান আগের মতোই স্পষ্ট—শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা আমি দেখছি না। তিনি ফিরতে চাইলেও ভারতের সিদ্ধান্ত, প্রত্যর্পণ চুক্তি এবং বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া বড় বাস্তবতা হিসেবে সামনে থাকবে।

তবে বাংলাদেশের ভবিষ্যৎ কোনো এক ব্যক্তির দেশে ফেরা কিংবা না ফেরার ওপর নির্ভর করা উচিত নয়। রাষ্ট্রের স্থিতিশীলতা, গণতন্ত্র, আইনের শাসন, মানুষের নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতিই হওয়া উচিত জাতীয় রাজনীতির প্রধান বিবেচ্য।

শেখ হাসিনা জীবিত থাকুন কিংবা তার শারীরিক অবস্থা নিয়ে যে প্রশ্নই থাকুক, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা একটি নিরাপদ, স্থিতিশীল ও সার্বভৌম বাংলাদেশ। সেই প্রত্যাশা পূরণে সরকারকে এখনই সর্বোচ্চ দায়িত্বশীলতা, দৃঢ়তা এবং দূরদর্শিতার পরিচয় দিতে হবে। কারণ, ব্যক্তির রাজনৈতিক ভবিষ্যতের চেয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন এবং সহিহ বুঝ নসিব করুন।

আহসান হাবিব বরুন

লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।

ই-মেইল: ahabibhme@gmail.com

 

 

আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad