স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার। গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের আতঙ্কে রাখতেন তিনি। ক্যারিয়ারে তার ভয়ংকর বোলিংয়ের শিকার হয়েছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার।
তবে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে করা একটি বাউন্সার আজও মনে দাগ কেটে আছে শোয়েবের। সেই বল করার পর একপর্যায়ে তার মনে হয়েছিল, লারার বড় কোনো ক্ষতি করে ফেলেছেন। একই সঙ্গে বর্তমান পাকিস্তান ক্রিকেটে অনুকরণীয় নায়কের অভাব নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। এমনকি নিজের সন্তানদেরও এখন ক্রিকেটের প্রতি আগ্রহ নেই বলে জানিয়েছেন এই সাবেক পেসার।
সম্প্রতি উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ারের নানা স্মরণীয় ঘটনা তুলে ধরেন শোয়েব আখতার। সেখানে ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ব্রায়ান লারার বিপক্ষে ঘটে যাওয়া একটি ঘটনার স্মৃতিচারণ করেন তিনি।
ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। অল্প পুঁজি নিয়ে ম্যাচে ফেরার লড়াইয়ে বোলারদের ওপরই ভরসা ছিল দলটির। লারার একটি বলে চার হজম করার পর ক্ষুব্ধ হয়ে পরের বলেই ভয়ংকর এক বাউন্সার ছুড়েছিলেন শোয়েব। বলটি লারার হেলমেটের নিচে ঘাড়ের অংশে আঘাত করলে মাটিতে পড়ে যান ক্যারিবীয় কিংবদন্তি। পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এমনকি শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল লারাকে।
শোয়েব জানিয়েছেন, ক্যারিয়ারে ব্যাটারকে বল দিয়ে আঘাত করার পর মাত্র দুবার তিনি সত্যিকারের ভয় পেয়েছিলেন। সেই দুই ক্রিকেটার হলেন ব্রায়ান লারা ও ভারতের শচীন টেন্ডুলকার। নিজের বোলিংয়ের ভয়াবহতা বোঝাতে গিয়ে শোয়েব বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ড্রেসিংরুমে গেলে প্রতিপক্ষের ক্রিকেটাররা মজা করে তাকে বলতেন, যেন তাদের মেরে না ফেলেন।
এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে কথোপকথনের স্মৃতিও তুলে ধরেন তিনি। শোয়েবের ভাষ্য অনুযায়ী, তার বলে আঘাত পাওয়ার পর ওই ব্যাটার আর ব্যাটিং করতে চাননি বলে জানিয়েছিলেন। উত্তরে শোয়েব মজা করে বলেছিলেন, তাকে যেন চার মারতে না হয়। কারণ চার মারলে তার ভয়ংকর রূপ সামলানো কঠিন হয়ে পড়বে।
এরপর লারার সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেন, লারা চার মারার পরই বুঝতে পেরেছিলেন, পরের বলে নিজের আগ্রাসন নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বাউন্সারটি লারার শরীরে আঘাত করার পর শোয়েবের মনে হয়েছিল, হয়ত বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন।
শচীন ও লারার মতো ব্যাটারকে আঘাত করার পর ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নিজের বলের গতি সম্পর্কে তার পরিষ্কার ধারণা ছিল। এত দ্রুতগতির বল কারও গুরুতর ক্ষতির কারণ হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতেন না। সৌভাগ্যক্রমে দুজনের ক্ষেত্রেই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শুধু অতীতের স্মৃতিচারণ নয়, বর্তমান ক্রিকেটের পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শোয়েব। তার মতে, গত দুই দশকে ক্রিকেট ক্রমেই ব্যাটারদের অনুকূলে চলে গেছে। দুটি নতুন বলের ব্যবহারসহ বিভিন্ন নিয়ম পরিবর্তনের কারণে বোলারদের চ্যালেঞ্জ বেড়েছে। এতে খেলাটির আগের আকর্ষণও কমে যাচ্ছে বলে মনে করেন তিনি।
পাকিস্তান ক্রিকেটে নায়ক তৈরির অভাব নিয়েও হতাশা ঝরেছে সাবেক এই গতিতারকার কণ্ঠে। বাবর আজমের মতো তারকা থাকলেও প্রকৃত অর্থে তরুণদের অনুপ্রাণিত করার মতো নায়কের অভাব রয়েছে বলে মনে করেন তিনি। তার ইচ্ছা, নিজের সন্তানদের নিয়ে মাঠে গিয়ে এমন কোনো ক্রিকেটারের খেলা দেখবেন, যাকে দেখে তারা অনুপ্রাণিত হতে পারে।
এ প্রসঙ্গে ২০০৪ সালে রাওয়ালপিন্ডিতে ভারতের বিপক্ষে ম্যাচের একটি ঘটনা স্মরণ করেন শোয়েব। সেদিন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান নিজের দুই সন্তানকে মাঠে নিয়ে এসেছিলেন। শোয়েবকে দেখিয়ে তিনি সন্তানদের বলেছিলেন, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলারকে দেখো। কিন্তু বর্তমান সময়ে নিজের সন্তানদের দেখানোর মতো তেমন কোনো ক্রিকেটীয় আদর্শ খুঁজে পাচ্ছেন না বলে আক্ষেপ করেন তিনি।
নিজের সন্তানদের ক্রিকেটের প্রতি অনাগ্রহের কথাও অকপটে জানিয়েছেন শোয়েব। জাতীয় দলের সাবেক এই তারকার সন্তানরাও নিয়মিত ক্রিকেট দেখে না। এমনকি তার ছেলে বাবাকে জানিয়েছে, পাকিস্তান দলের খেলায় সে আগের মতো আগ্রাসন দেখতে পায় না। নিজের বাবা দেশের একজন পরিচিত ক্রিকেট তারকা হওয়া সত্ত্বেও সন্তানদের খেলাটির প্রতি আগ্রহী করতে না পারার বিষয়টি তাই বেশ হতাশ করে শোয়েবকে।
আয়শা/২২ নভেম্বর ২০২৬,/রাত ৮:২৫
