ডেস্ক নিউজ : ‘বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কিনা, তা জনগণ জানতে চায়’- জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের জবাবে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান সেই দলটি কে?- জানতে চেয়েছেন। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এই বিষয়টি জানতে চেয়েছেন জামায়াত আমির।
এর আগে ৩০০ বিধিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন। একই সঙ্গে দলটির প্রতি ইঙ্গিত করে বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কিনা, তা জনগণ জানতে চায়।
এর জবাবে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে স্পষ্ট করে বলার আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির রেফারেন্স ধরে বলেন, তাহলে আমরা স্পষ্ট করে বলছি- আমরা এটার চ্যালেঞ্জ নিয়েছিলাম প্রমাণ উপস্থাপন করুন। তিনি বলেন, বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।
তিনি আরও বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়, তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই। আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের একটা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নেইনি। পুরা ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।
আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৫
