ডেস্ক নিউজ : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চুরির পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে চারজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়েরের পর ইতোমধ্যে তাদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বর্তমানে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন, ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩; বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় ডিবির উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান বাদী হয়ে রমনা থানায় এই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার বর্তমানে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের কাছে রয়েছে।
রমনা থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও নিজেদের পদের অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে মুঠোফোনের সিডিআর সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য বহিরাগত ব্যক্তিদের কাছে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া সাধারণ নাগরিকদের সিম বা মুঠোফোন নম্বরের কললিস্ট, সর্বশেষ কল লোকেশন (লাস্ট কল লোকেশন) ও এনআইডির মতো স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিউটিভি/অনিমা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ১০:০৩
