আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুবরাজ সালমান ট্রাম্পের কাছে হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, তিনি (মোহাম্মদ বিন সালমান) ট্রাম্পকে উত্তেজনা কমানোর এবং হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
এপি জানিয়েছে, ফোনালাপের বিষয়ে অবগত এক ব্যক্তি বলেছেন, সৌদি আরব আশঙ্কা করছে—যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় বা সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের আঘাত হানে, তাহলে তেহরান পালটা জবাব হিসেবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারে। এর আগে ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের কারণে তিনি ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
আয়শা/০২ অগাস্ট ২০২৬,/রাত ১১:৫০
