ডেস্ক নিউজ : ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে আসামি করে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জান্নাত উল্লাহ (৩৭) ও জহিরুল ইসলাম (৩৯), ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন (৪০) এবং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই রাতে উপজেলার রসুলপুর বিলপাড় এলাকায় আসামিরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিক্ষোভ মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
শনিবার (১ আগস্ট) নান্দাইল মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে বলা হয়, সাবেক এমপি তুহিনের নির্দেশনায় আসামিরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ষড়যন্ত্র করছিলেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, সাবেক এমপি তুহিনসহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আয়শা/০২ অগাস্ট ২০২৬,/রাত ১১:৪৪
