স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাফু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কষ্ট তিনি নতুন করে অনুভব করছেন, কারণ একই যন্ত্রণা তিনি ১৯৯৮ ও ২০০৬ সালেও পেয়েছিলেন।
বার্তায় তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৮ সালের হতাশা ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে থামাতে পারেনি। আবার ২০০২ সালে শিরোপা জয়ের পরও ২০০৬ সালে দলটি বিশ্বকাপ জিততে পারেনি। তার ভাষায়, বিশ্বকাপ জয় কখনোই ভাগ্যের বিষয় নয়; বরং জয়-পরাজয় নির্ভর করে নানা পরিস্থিতি, প্রস্তুতি ও পারফরম্যান্সের সমন্বয়ের ওপর।
তিনি আরও বলেন, এবারও ব্রাজিল হেরে দেশে ফিরছে। স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও সমর্থক—সবাই ভীষণ হতাশ, কারণ তারা আবারও শিরোপার স্বপ্ন দেখেছিলেন। তবে এই ব্যর্থতা তাদের স্বপ্ন দেখা থামিয়ে দিতে পারবে না।
তার মতে, বারবার ঘুরে দাঁড়ানোর মানসিকতাই ব্রাজিলকে বিশ্বের অন্যতম সফল জাতীয় দলে পরিণত করেছে। পাঁচটি বিশ্বকাপ শিরোপায় সমৃদ্ধ হলুদ জার্সিকে তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় জার্সি বলেও উল্লেখ করেন।
সবশেষে তিনি ব্রাজিলের সমর্থকদের দলের সবচেয়ে বড় শক্তি ও অর্জন হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ২০৩০ সালের বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার সুযোগ আবারও আসবে এবং সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।
আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ২:০৪
