আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন আঙ্কারা সফরের ঠিক আগ মুহূর্তে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ঘোর বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আঙ্কারার কাছে এই যুদ্ধপ্রযুক্তি হস্তান্তরের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের সাথে ইসরাইলের সম্পর্ক চরম শত্রুতাপূর্ণ হলেও, তুরস্কের সাথে ইসরাইলের সম্পর্ক বরাবরই বেশ বাস্তবসম্মত ও কৌশলগত ছিল। তবে দুই দেশের এই সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসে চলতি শতাব্দীর শুরুর দিকে।
২০০০ সালের শুরুর দিকে রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের ক্ষমতায় আসার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। ফলে সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা ও তেল আবিবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমাগত উত্তেজনা ও দূরত্ব তৈরি হয়েছে, যা নেতানিয়াহুর এই সর্বশেষ মন্তব্যের মাধ্যমে আবারও স্পষ্টভাবে সামনে এলো।
সূত্র: আল-জাজিরা।
আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ১২:০০
