জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস’র মধ্য গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরের দিকে পানছড়ির চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।
নিহতরা হলেন, রাঙ্গামাটির সাজেক এলাকার বাসিন্দা ইন্দ্রকুমার চাকমার ছেলে পদ্ম চাকমা (১৯), খাগড়াছড়ির পানছড়ির রূপায়ন চাকমার ছেলে রিয়েল চাকমা (২১) ও রাঙ্গামাটির ধনরা চাকমা (২০)স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস-এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, নিহত যুবকেরা জেএসএস ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। সোমবার সকালে তারা পাঁচজন একটি টমটম (ইজিবাইক) যোগে বাজার থেকে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় অপর দুই যুবককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সাথে সেখান থেকে ১৪ রাউন্ড কার্তুজের খোসা (এফসিসি) এবং দুই রাউন্ড তাজা গুলি (অ্যামোনেশন) উদ্ধার করা হয়। এদিকে ঘটনার দায় অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, “এই ঘটনার সাথে ইউপিডিএফের কোনো সম্পৃক্ততা নেই। জেএসএস-এর ভেতরে দীর্ঘদিনের অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। দলটির পাঁচ সদস্য বিদ্রোহ করে দলত্যাগ করতে চাইলে মধুমঙ্গল পাড়ায় তাদের ওপর গুলি চালানো হয় এবং এতে তিনজন নিহত হন।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০৩
