তথ্যপ্রযুক্তি ডেস্ক : দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে দেবে। ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই নেমে আসবে সাময়িক অন্ধকার।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদের ছায়া পৃথিবীর কোনো অংশের ওপর পড়ে এবং সেই স্থান থেকে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যায়।
এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায়।
অন্যদিকে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের কেবল একটি অংশ চাঁদের আড়ালে থাকবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য বলছে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে ১৯০৫ সালের পর এটিই হবে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আগামী কয়েক বছরের মধ্যে দেশটি আরও দুটি সূর্যগ্রহণের সাক্ষী হবে।
সংস্থাটির বিজ্ঞান পরিচালক ক্যারল মান্ডেল বলেন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমন এক বিরল মুহূর্ত, যা বিশ্বের লাখো মানুষকে একই সময়ে আকাশের দিকে তাকাতে এবং মহাবিশ্বের প্রতি নতুন করে বিস্ময় ও কৌতূহল অনুভব করতে উদ্বুদ্ধ করে।
কোথায় কতক্ষণ দেখা যাবে
আর্থস্কাই- এর তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস গ্রহণের পথ প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি উত্তর মেরুর পাশ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও উত্তর স্পেন অতিক্রম করবে।
গ্রিনল্যান্ডে দুই মিনিটেরও বেশি সময় পূর্ণগ্রাস দেখা যাবে। তবে উত্তর স্পেনে অনুকূল আবহাওয়া থাকলে এই দৃশ্য উপভোগ করা যাবে মাত্র প্রায় ২০ সেকেন্ড। বিশেষজ্ঞদের মতে, সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্পেনের গ্যালিসিয়া ও ব্যালেরিক দ্বীপপুঞ্জের আকাশে সূর্যাস্তের কাছাকাছি সময়ে গ্রহণটি দৃশ্যমান হবে। ফলে দিনের আলো থেকে অন্ধকারে রূপান্তরের এক অনন্য দৃশ্য উপভোগ করা যাবে।
যারা এ সময় বাইরে অবস্থান করবে, তাদের জন্য স্পেনের জাভালাম্ব্রে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণাগার থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে
তথ্য অনুযায়ী, আগামী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ আগস্ট। তখন দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের আকাশে এই বিরল দৃশ্য দেখা যাবে।
আর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালের ২২ আগস্ট। এরপর ২০৪৫ সালের ১২ আগস্ট দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।
সূত্র : সিএনএন
