ডেস্ক নিউজ : ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। জামানতবিহীন এ ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষকে এ ঋণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কারা পাবেন ৫০ হাজার টাকার ঋণ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এ ঋণের জন্য আবেদন করতে পারবেন। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।
অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে এ কর্মসূচির আওতায় ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ স্কিম কার্যকর থাকবে।
১ হাজার ৫০০ কোটি টাকার আরেক পুনঃঅর্থায়ন তহবিল
এর আগে ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের কথা জানায়। এ তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে।
এ কর্মসূচিতে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর।
ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্বল্প আয়ের পেশাজীবীসহ প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা এবং তাদের জীবনমান উন্নয়ন এ তহবিলের মূল লক্ষ্য।
যেসব পেশার মানুষ ঋণ পাবেন
এ কর্মসূচিতে গ্রাম ও পাড়া-মহল্লাভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশা ও ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বারদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি, চা-শ্রমিক, মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও আর্থিক সেবার এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারাও ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, ফ্রিল্যান্সার, নার্সারি ও বৃক্ষরোপণ উদ্যোক্তা, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ ঋণের জন্য বিবেচিত হবেন। বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও ঋণ নিতে পারবেন। আয়বর্ধক কাজে নিয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের জন্যও ঋণের সুযোগ রয়েছে।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে তাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো প্রান্তিক বা ভূমিহীন কৃষক যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
নারী ও বিশেষ জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ
এ তহবিলের ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। নারী উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।
নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও এ কর্মসূচির আওতায় আসবেন। উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্যও ঋণের সুযোগ রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য এ ঋণ নিতে পারবেন।
শিক্ষার্থীদের জন্যও ঋণের সুযোগ
শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। তবে এ ক্ষেত্রে অভিভাবকের ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা প্রয়োজন হবে।
নীতিমালা অনুযায়ী, একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা। এ ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে এবং প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ নিতে পারবেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে এমন হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।
৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত লাগবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত চাইতে পারবে ব্যাংক। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ঋণ নিশ্চয়তা কর্মসূচির সুবিধা নিতে পারবে। এ জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা ফি ব্যাংককেই পরিশোধ করতে হবে।
পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। তবে তাদের মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।
ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর বা ৬০ মাস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাস কিস্তি পরিশোধে বিরতি বা গ্রেস পিরিয়ডের সুযোগ রয়েছে। গ্রাহকের সুবিধা অনুযায়ী ব্যাংক মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক কিস্তি নির্ধারণ করতে পারবে।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণতথ্য প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
যেভাবে আবেদন ও ঋণ বিতরণ
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকের শাখা ও উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও ঋণ বিতরণ করা যাবে। ফলে গ্রাহকেরা ডিজিটাল মাধ্যমেও ঋণের আবেদন ও লেনদেনের সুযোগ পাবেন।
এজেন্ট ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণ বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, তা ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পর প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৮
