ব্রেকিং নিউজ

মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা

superadmin | আপডেট: ০৩ জুন ২০২৬ - ০৮:২০:২৫ পিএম

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোংয়ের একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় সরকার প্রতিনিধিদলকে জানায়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবাকে ‘একক সেবা’ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এর ফলে দ্রুত ও নির্বিঘ্নে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে জানানো হয়।

সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিতসুইয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সহসভাপতি মাকাতো সাতো। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিপুল/০৩.০৬.২০২৬/রাত ৮.১৬

▎সর্বশেষ

ad