ব্রেকিং নিউজ

কন্যা সন্তানের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স চাইলেন বাবা

superadmin | আপডেট: ০৩ জুন ২০২৬ - ০৯:৪১:১৬ পিএম

ডেস্কনিউজঃ নিজের কন্যা সন্তানের নিরাপত্তায় একটি শটগানের লাইসেন্স চেয়েছেন তানজিরুল ইসলাম সম্রাট নামে ফেনীর এক বাবা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর জন্য আবেদনও করেছেন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সম্রাট। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ১ নং নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ৩১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন সম্রাট। তাতে উল্লেখ করেন, তার ৭ বছর বয়সী একটি কন্যা আছে।

দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। সম্রাটের ভাষ্য, একজন দায়িত্বশীল পিতা হিসেবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার জন্য প্রয়োজন একটি বৈধ অস্ত্র। ‘অস্ত্রের অপব্যবহার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচলিত আইন ও বিধিবিধানের সব শর্ত মেনে চলবেন’-আবেদনে প্রতিশ্রুতি দেন সম্রাট।

গত ১৯ মে ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠে। এর মধ্যে সামনে আসে আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক সময়ের তথ্য। তাতে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত চার মাসেই দেশে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের শিকার অন্তত ১৭ শিশু।

বিপুল/০৩.০৬.২০২৬/রাত ৯.৩৫

▎সর্বশেষ

ad