ডেস্কনিউজঃ ভারতের দিল্লিতে একটি হোটেলে আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরো কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরে একটি পাঁচতলা ভবনে অবস্থিত মাইকাসা ইন হোটেলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
একজন কর্মকর্তা জানিয়েছেন, জরুরি ফোন পাওয়ার পর দু’টি ওয়াটার ইঞ্জিন, দু’টি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স ভেহিকেল এবং অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, ঘটনার সময় ভবনটিতে প্রায় ৪০ জন ছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। বেশিভাগ অতিথিই বিদেশী নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।
একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু লোক ভবন থেকে নিচে লাফ দিচ্ছেন।
আগুন লাগার সময় হোটেলের বেশিভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। নিহতদের পরিবারের জন্য দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বিপুল/০৩.০৬.২০২৬/বিকাল ৫.২৭
