শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৬ - ১১:৫০:০৮ পিএম

ডেস্ক নিউজ : সৌদি প্রো লিগের এবারের মৌসুম জমে উঠেছে শেষ মুহূর্তের উত্তেজনায়। আগামী বৃহস্পতিবার শেষ রাউন্ডের ম্যাচগুলো শেষে নির্ধারণ হবে শিরোপার ভাগ্য। এরই মধ্যে ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের জন্য প্রকাশ করা হয়েছে পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা, যেখানে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

শেষ ম্যাচের আগে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এখনো অপরাজিত আল হিলাল। শিরোপা নিশ্চিত করতে শেষ ম্যাচে দামাকের বিপক্ষে জিততেই হবে রোনালদোর দলকে। অন্যদিকে আল ফায়হার মুখোমুখি হবে আল হিলাল। আল নাসর হোঁচট খেলেই শেষ মুহূর্তে ট্রফি জয়ের সুযোগ পাবে আল হিলাল।সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আল নাসর। সেই হতাশা ভুলে এখন ঘরোয়া লিগ জয়ের দিকেই পুরো মনোযোগ দলটির।

২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এবারই প্রথম বড় কোনো শিরোপা জয়ের খুব কাছে পৌঁছেছেন রোনালদো। চলতি মৌসুমে তিনি করেছেন ২৬ গোল। পাশাপাশি সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে স্পর্শ করেছেন ১০০ গোলের মাইলফলক। মৌসুমজুড়ে সাতবার ম্যাচসেরার পুরস্কার জেতা এই পর্তুগিজ তারকাকেই বর্ষসেরা হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। রোনালদোর সঙ্গে মনোনয়নের তালিকায় আছেন তার ক্লাব সতীর্থ জোয়াও ফেলিক্সও। অভিষেক মৌসুমেই মিডফিল্ডার হিসেবে রেকর্ড তিনটি হ্যাটট্রিক করেছেন তিনি। ১২ অ্যাসিস্ট নিয়ে আছেন তালিকার শীর্ষে, আর গোল অবদানেও রয়েছেন যৌথভাবে দ্বিতীয় স্থানে।

এদিকে আল হিলালের ইংলিশ স্ট্রাইকার ইভান টনি ৩১ ম্যাচে করেছেন ৩২ গোল। মৌসুমে চারটি হ্যাটট্রিকের পাশাপাশি নয়বার হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে আল কাদসিয়াহর হয়ে ৩০ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ শীর্ষ-ফ্লাইট গোলদাতার রেকর্ড গড়েছেন হুলিয়ান কিনোনেস। তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ১৩টি ম্যাচসেরার পুরস্কার। বর্ষসেরার দৌড়ে আছেন রুবেন নেভেসও। আল হিলালের এই মিডফিল্ডার চলতি মৌসুমে ২ হাজারের বেশি পাস সম্পন্ন করে লিগ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন।

 

 

আয়শা/ ১৭ মে ২০২৬,/রাত ১১:৪০

▎সর্বশেষ

ad