আইপিএল প্রতিষ্ঠাতার ভবিষ্যদ্বাণী–৩ বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে দ্য হান্ড্রেড

Ayesha Siddika | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ - ০৯:৩৯:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : ১০০ বলের বিশেষ ফরম্যাটের এই টুর্নামেন্টটি ২০২১ সাল থেকে পুরুষ ও নারী উভয় বিভাগেই অনুষ্ঠিত হচ্ছে। তবে ললিত মোদির দাবি, বর্তমান বাণিজ্যিক কাঠামোর কারণে আগামী তিন বছরের মধ্যেই দ্য হান্ড্রেড বন্ধ হয়ে যাবে। ৬২ বছর বয়সী মোদি মনে করেন, টুর্নামেন্টটি অতিরিক্তভাবে বিজ্ঞাপননির্ভর আয়ের মডেলের ওপর দাঁড়িয়ে আছে, যা যুক্তরাজ্যের বাজারের জন্য উপযুক্ত নয়। তার মতে, এই লিগকে টিকে থাকতে হলে সাবস্ক্রিপশনভিত্তিক রাজস্ব মডেলে যেতে হবে।

দ্য ওভারল্যাপ ক্রিকেট নামে এক পডকাস্টে তিনি বলেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি দ্য হান্ড্রেড তিন বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। তিন বা চার বছরের বেশি টিকবে না। এখন শুধু টাকা ঢালা হচ্ছে, কারণ এর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নেই।’তিনি আরও বলেন, ‘এটির একমাত্র সুবিধা হলো আগস্টের উইন্ডো, যা খুবই গুরুত্বপূর্ণ সময়। এর বাইরে কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। টুর্নামেন্টটির পেছনে কার্যত কোনো প্রচার বা মার্কেটিং নেই। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও এটি প্রচার করার আগ্রহ নেই, খেলার ভেতরে অর্থও ফিরছে না। শেষ পর্যন্ত দলগুলোর মালিকেরা বিনিয়োগের রিটার্ন চাইবেন, আর সেটা আসতে পারে শুধু মিডিয়া স্বত্ব থেকেই।’

‘যুক্তরাজ্য বিজ্ঞাপননির্ভর বাজার নয়। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবস্ক্রিপশনভিত্তিক বাজার। যেকোনো লিগ সফল হতে হলে স্থায়ী গ্রাহকভিত্তি দরকার,’–মোদি যোগ করেন।
আইপিএলের প্রতিষ্ঠাতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইংলিশ কিংবদন্তি কেভিন পিটারসেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দ্য হান্ড্রেড তিন বছরে মরবে না, বরং তিন বছরের মধ্যেই এটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরিণত হবে।’

এ বছর দ্য হান্ড্রেডে প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে বেশ কয়েকজন ইংলিশ আনক্যাপড খেলোয়াড়কে ঘিরে তুমুল দরযুদ্ধ দেখা যায়। সবচেয়ে দামি খেলোয়াড় হন জেমস কোলস, যাকে লন্ডন স্পিরিটস ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নেয়। গত মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার জর্ডান কক্সকে ওয়েলশ ফায়ার ৩ লাখ পাউন্ডে দলে ভেড়ায়। আগামী মৌসুমে দ্য হান্ড্রেডে আইপিএল-সমর্থিত চারটি  দল অংশ নেবে—ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস। 

 

 

আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad