ডেস্ক নিউজ : নিবন্ধিত সব হজযাত্রী যাতে হজ পালন করতে পারে তার জন্য হজের ভিসা অনুমোদনের সময় আরও বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ মে) গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি ১০ হাজারের বেশি হজযাত্রী।
জবাবে শেখ হাসিনা বলেন, যাচাই-বাছাই শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের জন্য সহায়তার আরেকটি চালান প্রস্তুত করছে। বাংলাদেশ ইতোমধ্যে দুইবার সহায়তা পাঠিয়েছে বলেও জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের পক্ষে রয়েছে।
সৌদি রাষ্ট্রদূত জানান, তার দেশে প্রায় ৩২ লাখ বাংলাদেশি রয়েছেন। যারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখছেন।
প্রধানমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের আইনি মাধ্যমে ঢাকায় রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/দুপুর ২:৪৪
