ডেস্ক নিউজ : চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাউন্ড রবিনর ৩৬তম ম্যাচটি। আইপিএলের শুরু থেকেই বিপাকে এবার কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে কেনা ক্রিকেটারদের সময়মতো না পাওয়া দিয়ে শুরু হয় তাদের যন্ত্রণা। এরপর যাদের ওপর ভরসা করে দল গোছানো হয়েছিল, তাদের ইনজুরি ভোগাতে থাকে দলটাকে।
কিন্তু তারপরও নতুন অধিনায়ক নিয়ে নতুন উদ্যমে লড়াইয়ের মঞ্চে নামে নাইটরা। দুটো ম্যাচ জিতেও যায় তারা। তবে ম্যাচ দুটিতে ছিল না কোনো কেকেআরসুলভ বিশেষত্ব। এক ম্যাচ শার্দূল ঠাকুর এবং আরেক ম্যাচে রিংকু সিং-এর অতিমানবীয় পারফরম্যান্স চমকে দেয় কলকাতার ম্যানেজমেন্টকেও। কিন্তু মধু চন্দ্রিমা শেষ হতে সময় লাগেনি। ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজের পর ব্যর্থ হন লিটন দাসও। আর সুনিল নারিন ও আন্দ্রে রাসেলের মতো তারকারা তো এখনও চেনাতে পারেননি নিজেদের জাত। বরং দুই ক্যারিবীয়ানই এখন হয়ে উঠেছেন দলের বোঝা।
এ অবস্থায় জয়ের জন্য মরিয়া দলটা নির্ভর করে তাদের লোকাল ক্রিকেটারদের ওপর। কিন্তু সেখানেও নেই কোনো আলোর রেখা। এক ম্যাচে অধিনায়ক রানা ভালো করেন তো পরের ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারের ঝলক দেখা যায় ব্যাট হাতে। যদিও তাদের সে পারফরম্যান্স চাপা পড়ে যায় অন্যদের ব্যর্থতায়। মিস্ট্রি স্পিনার ভরুণ চক্রবর্তীও হয়ে আছেন নিজের ছায়া হয়ে। যা একটু ভালো করছেন সেটা সুয়াশ শর্মা। কিন্তু তার একার ম্যাজিকে এখনও জয় খুঁজে পাচ্ছে না তারা।
আসরে প্রথম তিন ম্যাচের দুটিতে জয় পেলেও শেষ চার ম্যাচে টানা হেরে বেশ ব্যাকপুটে কলকাতা। কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকতে বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। এমন ম্যাচে তারা পরিবর্তন এনেছে বোলিংয়ে। কুলওয়ান্ত খেজরোলিয়ার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে ভাইভব আরোরাকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বেঙ্গালুরু।
কলকাতার একাদশ: জেসন রয়, নারায়ন জাগাদিসান, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ভিসা, উমেশ যাদব, ভাইভর আরোরা ও ভরুণ চক্রবর্তী।
বেঙ্গালুরুর একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লমরর, সুযশ প্রভুদেসাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিনেশ কার্তিক, ডেভিড উইলি, বিজয়কুমার ভাইশাক, মোহাম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেল।
কিউটিভি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/রাত ৮:২৭
