ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

Ayesha Siddika | আপডেট: ২১ অক্টোবর ২০২৬ - ০৭:৫১:৫৭ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ছোট যমুনা নদীর বুকে সারি সারি নৌকা, ঢাক-ঢোল ও কাঁসরের মূর্ছনা, মাইকে গান আর হাজারো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস। এমন বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের। উৎসবের শেষ দিনে নদীর দুই তীরে মানুষের ঢল আর বর্ণিল নৌবহর সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্যের।

আজ বুধবার দুপুর থেকে শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হয় ছোট যমুনা নদীর তীরে। পরে প্রতিমাগুলো নৌকায় তুলে শুরু হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা। প্রতিমাবাহী নৌকার পাশাপাশি বিভিন্ন সংগঠন, পরিবার ও গোষ্ঠীর উদ্যোগে সাজানো নৌকাও নদীতে নামে। ঢাক-ঢোল ও কাঁসরের তালে তালে নৌকাগুলোর চলাচলে নদীর বুকে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যা পর্যন্ত চলে এই বর্ণিল আয়োজন।

নদীর উত্তরে বিজিবি ক্যাম্প থেকে দক্ষিণে পালপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নৌবহর। একের পর এক নৌকার চলাচলে নদীর বুকে তৈরি হয় অনেকটা নৌকাবাইচের আবহ। নৌকায় নৌকায় ঢাক-ঢোল, কাঁসর আর মাইকে বাজানো গানের সুরে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। উৎসবের এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে নদীর তীরে জড়ো হন হাজারো মানুষ।

দিনভর উৎসবমুখর পরিবেশের পর সন্ধ্যার দিকে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। শেষ হয় পাঁচ দিনের পূজার আনুষ্ঠানিকতা। তবে বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের হৃদয়ে রয়ে যায় আনন্দ, আবেগ আর আগামী বছরের দুর্গোৎসবের প্রতীক্ষা।

আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩
▎সর্বশেষ

ad