কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সফদর আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক থাকলেও এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ শোভনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে দীর্ঘ দুই বছর থাকার পর সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
একারনে আবারও ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর ছুরি দিয়ে নিজ মায়ের ওপর হামলা চালান শোভন। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এসময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী সফদর আলীও গুরুতর আহত হন। হামলা চালিয়ে শোভন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সফদর আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মর্গে প্রেরন করেছে । আসামী গ্রেফতার হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৪.১০.২০২৬/রাত ৯.৪৫
