আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুইটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অংশ। এটি ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশে অবস্থিত এবং সেখান থেকে পবিত্র মসজিদটির দৃশ্য দেখা যায়। রয়্যাল কমিশন জানিয়েছে, এই অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর উন্নয়নে তাদের প্রচেষ্টার অংশ।
পাশাপাশি নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং মক্কায় আসা লাখ লাখ হজ ও ওমরাহযাত্রীর অভিজ্ঞতা উন্নত করাও তাদের লক্ষ্য। এ ছাড়া মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নগরীটির অবস্থান আরও শক্তিশালী করতে চায় কমিশন।
আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৪০
